ইরানের ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় তেল পাচারের অভিযোগে নিরাপত্তা ও জ্বালানি খাতের ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশের জুরফ আল-নাসর এলাকায় অবৈধ তেল শোধনাগার ও তেল পাচারের একটি চক্রের সন্ধান পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। এলাকাটি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর প্রভাবাধীন বলে পরিচিত।
ইরাকের সামরিক মুখপাত্র সাবাহ আল-নুমান জানান, তেল পাচারের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনার জন্য জরুরি নিরাপত্তা বৈঠক করেন প্রধানমন্ত্রী। তদন্তের ফলাফলের ভিত্তিতে তেল পাচারে জড়িত সন্দেহভাজন সবাইকে বিচার বিভাগের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে বাবিল প্রদেশের পুলিশপ্রধান, নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কমান্ডার এবং তেল মন্ত্রণালয়ের অধীন অয়েল পাইপলাইনস কোম্পানির পরিচালক রয়েছেন।
মাসে ৩ কোটি ডলারের তেল পাচারের অভিযোগ
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া একটি গোয়েন্দা প্রতিবেদনে জুরফ আল-নাসর এলাকায় তেলের পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপন করে অপরিশোধিত তেল চুরির তথ্য উঠে এসেছে। পরে সেই তেল কালোবাজারে বিক্রি করা হতো। এ চক্রের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৩ কোটি ডলারের তেল পাচার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আলজাজিরার বাগদাদ প্রতিনিধি পিটার স্মিথ জানান, দীর্ঘদিন ধরে এলাকাটি কার্যত রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে একটি স্বতন্ত্র অঞ্চলের মতো পরিচালিত হয়ে আসছিল। সেখানে দুটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন থেকে তেল সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
কাতায়েব হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা
এদিকে প্রধানমন্ত্রী আল-জাইদির সঙ্গে কাতায়েব হিজবুল্লাহর বিরোধ ক্রমেই বাড়ছে। ইরানপন্থি এই সশস্ত্র গোষ্ঠী সম্প্রতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে এবং তাঁর সরকারকে হুমকি দিয়েছে।
ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছেন আল-জাইদি। তবে কাতায়েব হিজবুল্লাহসহ কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী এ উদ্যোগের বিরোধিতা করছে।
আটলান্টিক কাউন্সিলের ইরাকবিষয়ক গবেষক আকিল আব্বাসের মতে, দেশটিতে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও সশস্ত্র সংগঠনের মাধ্যমে তেল পাচার নতুন ঘটনা নয়। তবে এবারের অভিযানকে শুধু দুর্নীতিবিরোধী পদক্ষেপ হিসেবে দেখলে ভুল হবে; এর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার রাজনৈতিক প্রচেষ্টারও সম্পর্ক রয়েছে।
বিশ্লেষকদের মতে, তেল পাচারবিরোধী এই অভিযান ইরাকের কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এর ফলে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের সংঘাত আরও বাড়তে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








