আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর প্রথম ম্যাচেই বড় হোঁচট খেয়েছে পর্তুগাল। ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলের ব্যবধানে বড় পরাজয়ের স্বাদ নিয়েছে স্বাগতিকরা।
শনিবার (১৪ নভেম্বর) ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি ‘রোনালদোময়’। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ৪১ বছর বয়সী এই মহাতারকাকে বিশেষ সম্মান জানায় পর্তুগাল দল। মাঠে নামার সময় পর্তুগালের সব খেলোয়াড় ও মাসকট ‘রোনালদো ৭’ লেখা বিশেষ জার্সি পরিধান করেন।
গ্যালারির ওপরের স্তরে ‘রোনালদো’ এবং নিচের স্তরে ‘গোট’ (সর্বকালের সেরা) লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে ডাগআউটের সমর্থকরা। এছাড়া ম্যাচের সপ্তম মিনিটে স্টেডিয়ামের বড় পর্দায় ভেসে ওঠে ‘ধন্যবাদ, অধিনায়ক’ বার্তা।
তবে মাঠের লড়াইয়ে সেই আবেগের রেশ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগিজরা। প্রথমার্ধের শেষ দিকে রুবেন দিয়াজের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় ডেনমার্ক। ৪৩ মিনিটে সফল স্পট কিকে অতিথিদের এগিয়ে দেন পিয়েরে-এমিল হয়বার্গ।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নেয় ডেনমার্ক। দুর্দান্ত ছন্দে থাকা রাসমুস হলুন্দ মাত্র আট মিনিটের ব্যবধানে (৪৯ ও ৫৭ মিনিটে) জোড়া গোল করে পর্তুগালকে ম্যাচ থেকে ছিটকে দেন। এরপর ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের হেডে ৪-০ গোলের বড় লিড নিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে সফরকারীরা। ম্যাচের যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) বার্নার্দো সিলভা একটি গোল শোধ করলেও কেবল হারের ব্যবধানই কমেছে।
টানা চার জয়ে আগেই উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল পর্তুগাল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে টিকে থাকতে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্ডিফে ওয়েলসের বিপক্ষে ড্র করলেই চলবে পর্তুগিজদের।
কাও


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








