রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মী রাকায়েদ হোসেন রুকুর বিরুদ্ধে। এ সংক্রান্ত ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই নেতাকে বলতে শোনা যায়, ‘ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে।’
গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন। ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, শুরুতে রুকু ফোন করে ওসি আতিকুর রহমানের খোঁজখবর নেন। জবাবে ওসি জানান, তিনি ভালো আছেন এবং গত ৪ নভেম্বর মোহনপুর থানায় যোগ দিয়েছেন। এরপর নিজেকে এলাকার পরিচিত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে রুকু বলেন, ওসি তাদের এলাকায় অতিথি হিসেবে চাকরি করতে এসেছেন। তাই তাকে অতিথির মর্যাদা দিতে চান তারা।
কথোপকথনের একপর্যায়ে রুকুকে বলতে শোনা যায়, ‘আমি জানি, আপনি ভালো মানুষ। অতিথি হিসেবে আমাদের এলাকায় চাকরি করতে এসেছেন। আমরাও অতিথির সম্মান করতে চাই। আজকে মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে। এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরও আপনাদের চাকরি করতে হবে।’
এরপর তিনি ওসিকে অনুরোধ করে বলেন, তিনি তাদের এলাকার অতিথি। তাই এসব বিষয় নিয়ে যেন ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে হয়রানি করা না হয়। জবাবে ওসি বলেন, ‘হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।’
এরপর রুকু ওসিকে উদ্দেশ করে বলেন, ‘আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি পুলিশ শেখ হাসিনার আমলে যতটুকু নিরাপদে ছিলেন, ততটুকু নিরাপত্তা কি এখন পান? আপনি কি একটা সন্ত্রাসীর কাছে ভিড়তে পারেন, এ সরকারের আমলে? বাংলাদেশকে এ জায়গা থেকে মুক্ত করতে হবে।’
কথোপকথনের শেষদিকে রুকু বলেন, ‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই।’ এরপর সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, ‘আমাদের কোনো কর্মীকে যদি অযথা হয়রানি করেন ভাই, আমি ক্লিয়ার বলি—আপনাকে ডিসেম্বরের পরে চাকরি করতে হবে। আপনাকে কিন্তু আবার আমি মোহনপুর থানায় আনব। আশা করি, ক্লিয়ার বুঝতে পেরেছেন। আপনি নতুন এসেছেন, আমরা আপনাকে সম্মান করতে চাই। ধন্যবাদ।’
এ বিষয়ে বক্তব্য জানতে মোহনপুর থানার ওসি আতিকুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। বিভিন্ন স্থান থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপার বর্তমানে ছুটিতে রয়েছেন। তিনি কর্মস্থলে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








