চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে মুকুট জয়ের প্রায় ছয় সপ্তাহ পর নগুয়েন কুইন আন-এর ‘মিস ইউনিভার্স ভিয়েতনাম ২০২৬’ খেতাব বাতিল করেছেন আয়োজকেরা। আয়োজক প্রতিষ্ঠান ফাইভ৬ এন্টারটেইনমেন্ট জেএসসি-এর মহাপরিচালক ফাম দুয় খান জানান, বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।আয়োজকদের এক প্রতিনিধি বলেন, আন বারবার প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন।
সহকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটি এর আগে তাকে ছয় মাসের জন্য মঞ্চে পারফর্ম করা থেকে নিষিদ্ধ করেছিল। ওই প্রতিনিধির ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে তিনি ফাইভ৬ এন্টারটেইনমেন্টকে না জানিয়েই একটি কমিউনিটি অনুষ্ঠানে অংশ নেন।
কয়েক দিন আগে আন আয়োজক ও প্রতিষ্ঠানকে জানান যে মানসিক স্বাস্থ্যের বিষয়ে বিশ্রাম ও চিকিৎসা নেওয়ার জন্য তার সময় প্রয়োজন এবং মূল চুক্তি অনুযায়ী তিনি এখনো ম্যানেজমেন্ট চুক্তিতে সই করতে পারছেন না। খান বলেন, ‘তবে প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সমঝোতায় না পৌঁছেই তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও পারফর্ম করার আমন্ত্রণ গ্রহণ করে গেছেন।’ এই সিদ্ধান্তের বিষয়ে আনের প্রতিনিধিরা এখনো কোনো মন্তব্য করেননি।
২ অক্টোবর হাই ফং-এ মিস ইউনিভার্স ভিয়েতনাম ২০২৬-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এর দশ দিন পর আনের একটি কথিত ব্যক্তিগত গ্রুপ চ্যাটের কথোপকথন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ওই বার্তাগুলোতে প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও গসিপ ছিল। ১৩ অক্টোবর আন নিজের ভুল স্বীকার করে সংশ্লিষ্ট ব্যক্তি ও জনসাধারণের কাছে ক্ষমা চান। তিনি বলেন, এই ঘটনা তার পরিপক্বতা অর্জনে একটি শিক্ষা হয়ে থাকবে।
প্রতিযোগিতায় প্রথম থেকে চতুর্থ রানার-আপ হয়েছিলেন যথাক্রমে মাই আন, এমা মারিয়া ফার্নান্দেজ লে, হং ডাং এবং দিউ হুয়েন। আনের স্থলে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা আয়োজকেরা এখনো ঘোষণা করেননি।
নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠানরত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভিয়েতনামের প্রতিনিধি হিসেবে মূলত আনকেই নির্বাচিত করা হয়েছিল। তবে ২১ অক্টোবর আয়োজকেরা এক বিবৃতিতে নিশ্চিত করেন যে ভিয়েতনামের প্রতিযোগী পাঠানোর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এবং মিস ইউনিভার্স অর্গানাইজেশনের মধ্যকার বিরোধের কারণে তিনি প্রতিযোগিতায় অংশ নেবেন না।
বিশ্বজুড়ে প্রায় ১১৬ জন প্রতিযোগীর অংশগ্রহণে প্রতিযোগিতার ৭৫তম আসর এক সপ্তাহেরও বেশি সময় আগে শুরু হয়েছে। মিস ইউনিভার্সে ভিয়েতনামের অনুপস্থিতির ক্ষেত্রে এটি গত ১২ বছরের মধ্যে প্রথম ঘটনা; এর আগে সর্বশেষ ২০১৪ সালে তারা অংশ নেয়নি।
হ্যানয়ে জন্ম ও বেড়ে ওঠা আন ২০১৮ সালে ‘দ্য ফেস ভিয়েতনাম’ প্রতিযোগিতায় রানার-আপ হয়ে আলোচনায় আসেন। তিনি হ্যানয়ের ট্রেড ইউনিয়ন ইউনিভার্সিটি এবং সায়গন ট্যুরিজম কলেজে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেছেন। ২০২১ সালের ডিসেম্বরে কুইন আন এশিয়ান সুপারমডেল প্রতিযোগিতায় জয়লাভ করেন। এছাড়া তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন; যার মধ্যে সর্বশেষ ছিল ‘লোই হুয়া দাউ তিয়েন’ (দ্য ফার্স্ট প্রমিস) সিরিজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









