বৈরী আবহাওয়া ও অন্ধকারের সুযোগ নিয়ে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থান ও তৎপর টহলের কারণে সেই চেষ্টা সফল হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে ওই ২০ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। সে সময় সীমান্ত এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছিল। এ পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি পথ দিয়ে ২০ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবির নিয়মিত টহল দল সতর্ক ও তৎপর থাকায় সীমান্ত অতিক্রমের সেই চেষ্টা সফল হয়নি।
সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








