বাংলাদেশের রাজনীতি কি এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও প্রতিহিংসার নতুন ইতিহাস লিখছে? প্রশ্নটি অস্বস্তিকর। কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রাজনীতি করি না, কিন্তু লেখালেখির কারণে রাজনীতিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যখন রাজনৈতিক বিরোধের জেরে মানুষের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে, তখন একজন লেখকের নীরব থাকার সুযোগ থাকে না।
শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ বিদেশে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও প্রতিবাদে অংশ নিচ্ছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। কিন্তু প্রতিবাদ আর হামলা এক বিষয় নয়। কাউকে প্রশ্ন করা, স্লোগান দেওয়া কিংবা শান্তিপূর্ণ বিক্ষোভ করা নাগরিক অধিকার। কিন্তু ডিম ছোড়া, লাঠি দিয়ে আঘাত করা, শারীরিকভাবে হেনস্তা করা কিংবা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া কোনোভাবেই সেই অধিকারের মধ্যে পড়ে না।
ঘটনাগুলোর দিকে একটু পেছন ফিরে তাকানো যাক। ৭ নভেম্বর ২০২৪, সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে একদল ব্যক্তি অশোভন আচরণ করেন। তাঁকে ঘিরে আওয়ামী লীগের সমর্থকদের স্লোগান ও হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
এরপর ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটে। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের দিকে ডিম ছোড়া হয় এবং যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে মৌখিকভাবে হেনস্তা করার ফুটেজও আমাদের সামনে আসে। এ ঘটনায় নিউইয়র্ক পুলিশের কাছে অভিযোগ ও মামলা করার খবরও প্রকাশিত হয়। সর্বশেষ সেই মামলার কি হয়েছে জানা সম্ভব হয়নি।
২০২৫ সালের ১২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম অংশ নেন। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং সেগুলোর চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ হস্তক্ষেপ করে। তবে, ওই গাড়িগুলোতে মাহফুজ আলম ছিলেন না। ঘটনাটি দেখিয়ে দেয়, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ কতটা দূর পর্যন্ত বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে।
২০২৬ সালের ১৫ জুন যুক্তরাজ্যের লন্ডনে এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ, ডিম নিক্ষেপ ও উত্তেজনার খবর প্রকাশিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় এবং কয়েকজনকে আটক করার কথাও সংবাদমাধ্যমে আসে। এসব ঘটনার প্রতিটি একই ধরনের নয়। কোথাও বিক্ষোভ হয়েছে, কোথাও হেনস্তার অভিযোগ উঠেছে, আবার কোথাও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।
এরপর ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন মেস্ত্রে এলাকায় হেনস্তার শিকার হওয়ার হন। তাঁর অভিযোগ অনুসারে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থক পরিচয় দেওয়া কয়েকজন তাঁর দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন। তিনি স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। একজন শিল্পীর রাজনৈতিক অবস্থান যা-ই হোক, তাঁর নিরাপত্তা ও সম্মান অক্ষুণ্ণর ঘটনায় দেশের ভাবমূর্তি নিশ্চয়ই ভালো হয়নি। সর্বশেষ যুক্তরাজ্যে নাহিদ ইসলামের সফর ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ১৪ নভেম্বর ২০২৬ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর তাঁকে একদল আওয়ামী লীগ সমর্থক ঘিরে ধরার চেষ্টা করে বলে খবর প্রকাশিত হয়। পরে স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় তিনি নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হন। ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার একটি সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে কয়েকজন আহত হওয়ার কথা এসেছে। কিছু প্রতিবেদনে লাঠিসোটা দিয়ে আঘাতের অভিযোগও প্রকাশিত হয়েছে।
এখানে নাহিদ ইসলামের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাঁর রাষ্ট্রীয় ও সংসদীয় অবস্থানও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তিনি শুধু এনসিপির আহ্বায়ক নন, বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর বিদেশ সফর এবং নিরাপত্তার বিষয়টি নিছক একটি দলের অভ্যন্তরীণ বিষয় নয়। বাংলাদেশ হাইকমিশনের কাছে সফরের তথ্য থাকার কথা। তাহলে আগাম নিরাপত্তা সমন্বয় কতটা হয়েছিল, সেটিও জনসমক্ষে পরিষ্কার হওয়া প্রয়োজন।
প্রশ্ন হচ্ছে, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ কেন এমন আচরণ করছেন? এর পেছনে রাজনৈতিক ক্ষোভ, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বিরোধিতা, ক্ষমতা হারানোর প্রতিক্রিয়া কিংবা প্রবাসে দলীয় পরিচয় ধরে রাখার প্রবণতা কাজ করতে পারে। ব্যক্তিবিশেষের (দেশ থেকে নানাভাবে গিয়ে সেই দেশে অবৈধ হয়ে যাওয়া) ওই দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে মামলার জন্য কিছু এভিডেন্সের প্রয়োজনেও এটা করে থাকতে পারে। সেই কারণে আওয়ামী লীগের সব প্রবাসী সমর্থককে এসব ঘটনার জন্য দায়ী করাও অন্যায়।
এমন ঘটনার জন্য যুক্তরাজ্যে কি সব আইনগত প্রতিকার পাওয়া যেতে পারে; একটু অনুসন্ধান করেছিলাম। জানা গেল, যুক্তরাজ্যে কেউ প্রকাশ্যে লাঠি দিয়ে কাউকে আঘাত করলে, শারীরিকভাবে হেনস্তা করলে কিংবা সহিংসতার ভয় দেখালে প্রচলিত আইন অনুসারে তদন্ত ও বিচারের সুযোগ রয়েছে। ঘটনার ধরন অনুসারে সাধারণ শারীরিক হামলা, শারীরিক আঘাত করা কিংবা জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের আওতায় অভিযোগ আনা যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তদন্তের গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে। তবে, ভিডিওতে কাউকে দেখা গেলেই অপরাধী সাব্যস্ত করা যায় না। পরিচয়, ঘটনার পূর্ণ প্রেক্ষাপট এবং অন্যান্য প্রমাণ যাচাই করতে হয়।
আমার প্রশ্ন হচ্ছে, নাহিদ ইসলামের অনুষ্ঠানে সংঘর্ষের যেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেগুলো কি যুক্তরাজ্যের পুলিশের নজরে আনা হয়েছে? স্থানীয় পুলিশ কি স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করতে পারে না? অবশ্যই পারে, যদি সেখানে অপরাধ সংঘটিত হওয়ার যুক্তিসংগত ভিত্তি থাকে। ভুক্তভোগীদের আনুষ্ঠানিক অভিযোগ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, মূল ভিডিও ফুটেজ এবং চিকিৎসাসংক্রান্ত কাগজ তদন্তকে আরো শক্তিশালী করতে পারে। ওই দেশে অপরাধের বিচার রাজনৈতিক পরিচয় দেখে নয়, প্রমাণ ও আইনের ভিত্তিতে হয়।
এখানে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বও গুরুত্বপূর্ণ। কোনো বাংলাদেশি বিদেশে রাজনৈতিক পরিচয়ের কারণে আক্রান্ত হলে সেটি শুধু সংশ্লিষ্ট ব্যক্তির নিরাপত্তার বিষয় থাকে না, প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়ায়। হাইকমিশন ও দূতাবাসের উচিত প্রতিটি ঘটনার প্রমাণ সংরক্ষণ, স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজন হলে ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করা। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের সফরের ক্ষেত্রে আগাম ঝুঁকি মূল্যায়ন ও নিরাপত্তা সমন্বয় আরো কার্যকর করা প্রয়োজন। একটি বিষয় ভুলে গেলে চলবে না। বিদেশের মাটিতে আওয়ামী লীগ সমর্থকদেরও শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে। শেখ হাসিনা সরকারের পতন নিয়ে তাঁদের ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকতে পারে। তাঁরা ড. ইউনূস, নাহিদ ইসলাম কিংবা অন্য কোনো রাজনৈতিক নেতার বক্তব্যের বিরোধিতা করতে পারেন। কিন্তু সেই বিরোধিতা যেন ব্যক্তিগত আক্রমণ, ভয়ভীতি কিংবা শারীরিক সহিংসতায় পরিণত না হয়। অন্যের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে নিজের মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠা করা যায় না।
একটি দেশের রাজনৈতিক সংঘাত যখন অন্য দেশের রাজপথে পৌঁছে যায়, তখন ক্ষতিগ্রস্ত হয় শুধু ব্যক্তি নয়, দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও। বাংলাদেশের মানুষ বিদেশে পরিশ্রম করে নিজেদের অবস্থান তৈরি করেছেন। তাঁদের পরিচয় যেন দলীয় সংঘাতের কারণে প্রশ্নবিদ্ধ না হয়। প্রবাসী বাংলাদেশিরা রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু তাঁরা পরস্পরের শত্রু নন। এই বোধটুকু রাজনৈতিক নেতৃত্বের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া জরুরি।
নাহিদ ইসলাম, বাঁধন, মাহফুজ আলম, আখতার হোসেন কিংবা অন্য কেউ আক্রান্ত হওয়ার অভিযোগ তুললে সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারও অক্ষুণ্ণ রাখতে হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে মতবিরোধ বাংলাদেশেই থাকুক, বিদেশের মাটিতে যেন প্রতিহিংসা রপ্তানি শুরু না হয়। স্বাধীনতার অর্থ যদি নিজের মতপ্রকাশের অধিকার হয়, তবে অন্যের সেই অধিকারকে সম্মান করাও তার অবিচ্ছেদ্য অংশ।
লেখক : সিনিয়র সাংবাদিক ও শিশুসাহিত্যি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








