জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। অথচ রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, স্থাপনায় হামলা ও নাশকতার ঘটনায় নাগরিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মিরপুর, সিএমএম আদালত প্রাঙ্গণ, মালিবাগ ও পল্টনসহ গুরুত্বপূর্ণ এলাকায় সংঘটিত এসব সহিংস ঘটনা কেবল বিচ্ছিন্ন অপরাধের বিষয় নয়; এগুলো রাষ্ট্রের স্থিতিশীলতা, জননিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার জন্যও গুরুতর হুমকি। রাজনৈতিক বিরোধ, ক্ষমতার দ্বন্দ্ব কিংবা বিচারিক প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনোভাবেই সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা জিম্মি হতে পারে না। তাই নাশকতার এই প্রবণতা রোধে রাষ্ট্রকে দৃশ্যমান, কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে।
রাজনৈতিক কর্মসূচি পালন ও শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার গণতান্ত্রিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সেই অধিকারের আড়ালে সহিংসতা, অগ্নিসংযোগ, বিস্ফোরণ কিংবা মানুষের জীবন বিপন্ন করার কোনো সুযোগ নেই। ধর্মঘট বা অবরোধের নামে যানবাহনে হামলা, জনসম্পদ ধ্বংস কিংবা আদালত প্রাঙ্গণের মতো স্পর্শকাতর স্থানে বিস্ফোরণ ঘটানো কোনোভাবেই রাজনৈতিক প্রতিবাদের গ্রহণযোগ্য পদ্ধতি হতে পারে না। রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রকে সমান দৃঢ়তায় অবস্থান নিতে হবে।
নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকারের ঘোষণাকে স্বাগত জানাই। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত তৎপরতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে কেবল অভিযান, গ্রেফতার কিংবা কঠোর বক্তব্য দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন নাশকতার পরিকল্পনা, সংগঠন, অর্থায়ন ও বাস্তবায়নের পুরো নেটওয়ার্ক শনাক্ত করা। এসব ঘটনার পেছনে কারা রয়েছে, কারা অর্থ ও রসদ জোগাচ্ছে, কীভাবে বিস্ফোরক সংগ্রহ ও সরবরাহ হচ্ছে এবং কারা পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখছে- তার নির্ভরযোগ্য তথ্যভিত্তিক অনুসন্ধান জরুরি। শুধু ঘটনাস্থলে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে তদন্তের পরিসর সীমিত রাখা যাবে না। পরিকল্পনাকারী, অর্থদাতা ও পৃষ্ঠপোষকদেরও যথাযথ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে, সীমান্তপারের অর্থায়ন, ডিজিটাল যোগাযোগব্যবস্থার অপব্যবহার কিংবা গোপন আস্তানার সংশ্লিষ্টতা নিয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন।
কোনো রাজনৈতিক বক্তব্য, অনুমান কিংবা প্রচারণার ভিত্তিতে কাউকে দায়ী করা সমীচীন নয়। প্রতিটি অভিযোগের সত্যতা যাচাই করতে হবে তথ্যপ্রমাণের ভিত্তিতে। তদন্তের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব নিশ্চিত করা না গেলে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা যেমন কঠিন হবে, তেমনি জনমনে আস্থার সংকটও তৈরি হতে পারে। আইন প্রয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয়, রাজনৈতিক প্রভাব কিংবা ক্ষমতার বিবেচনার কোনো স্থান থাকা উচিত নয়। অপরাধীর পরিচয় যা-ই হোক, অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কঠোর আইন প্রয়োগের নামে যেন নিরপরাধ মানুষ হয়রানি, নির্বিচার গ্রেফতার কিংবা অন্যায্য আচরণের শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি।
গ্রেফতার থেকে শুরু করে তদন্ত ও বিচার পর্যন্ত প্রতিটি পর্যায়ে আইনের যথাযথ প্রয়োগ, নাগরিক অধিকার এবং ন্যায়বিচারের নীতি অনুসরণ করতে হবে। দ্রুত বিচারের প্রয়োজন থাকলেও বিচারিক প্রক্রিয়ার স্বাভাবিক ধারা ও অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। এ কথাও মনে রাখতে হবে, সহিংসতা ও আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক সংকটের সমাধান হয় না। আবার নির্বিচার দমন-পীড়ন কিংবা প্রতিপক্ষকে দমনের হাতিয়ার হিসেবে আইন প্রয়োগ করেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আইনের শাসন ও জবাবদিহি অপরিহার্য। একই সঙ্গে নাশকতার ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বৃদ্ধি, জনসমাগমস্থলে সতর্কতামূলক ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়াদানের সক্ষমতা বাড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা হতে হবে পরিকল্পিত ও গোয়েন্দা তথ্যনির্ভর; যাতে অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম প্রতিরোধও সম্ভব হয়।
আমরা চাই, রাজধানীসহ সারা দেশে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকুক। গণপরিবহন, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থল নিরাপদ থাকুক। প্রতিটি নাশকতার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হোক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা হোক। মনে রাখতে হবে, রাষ্ট্রের শক্তির প্রকৃত পরিচয় প্রতিশোধ কিংবা দমন-পীড়নে নয়; বরং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার সমুন্নত রাখার সক্ষমতায়। নাশকতার বিরুদ্ধে রাষ্ট্রের অবস্থান হতে হবে আপসহীন, তবে সেই কঠোরতা অবশ্যই সংবিধান, আইন ও মানবাধিকারের সীমারেখার মধ্যে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








