সাপ্তাহিক ছুটির দিন হিসেবে জুমার দিন বা শুক্রবার সবাই নিজের মতো করে কাটাতে ভালোবাসে। তবে একজন প্রকৃত ঈমানদারের কাছে দিনটি নিছক ছুটির আমেজে কাটানোর নয়; বরং এটি আমল ও আত্মশুদ্ধির এক মোক্ষম সুযোগ। তাই তারা দিনটির বড় অংশ ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করেন এবং সারা সপ্তাহের আমল ও ইবাদতে ঘটে যাওয়া যাবতীয় ভুল-ত্রুটি ও বিচ্যুতি পুষিয়ে নেওয়ার আন্তরিক চেষ্টা চালান।
আল্লাহর রাসুল (সা.) এই দিনের বিশেষ গুরুত্ব দিতেন। কারণ, জুমার দিনই সপ্তাহের সর্বোত্তম ও শ্রেষ্ঠতম। তিনি এই দিনের বিশেষ সুন্নতও শিক্ষা দিয়েছেন। যেগুলোর ওপর আমল করলে পুরো সপ্তাহের সগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়।
জুমার দিনের অন্যতম একটি সুন্নত আমল হলো সুরা কাহাফ তিলাওয়াত। জুমার দিন সুরা কাহফ তিলাওয়াতের ফজিলত সম্পর্কে হাদিস শরিফে বর্ণিত হয়েছে, এ আমলের মাধ্যমে দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত হবে।
হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ তিলাওয়াত করবে পরবর্তী জুমা পর্যন্ত তার জন্য আলো প্রজ্বলিত করা হবে। অর্থাৎ তার জীবন চলার পথ হেদায়েতের নূরে আলোকিত হবে। (মুস্তাদরাকে হাকেম, হাদিস: ৩৩৯২)
হাদিসের আলোকে বোঝা যায়, জুমার দিন সুরা কাহফ তিলাওয়াত করা একটি ফজিলতপূর্ণ আমল। তবে এ আমলটি জুমার দিন কোন সময় করা হবে তা হাদিসে নির্দিষ্ট করে বর্ণনা করা হয়নি বা জুমার দিন এই সুরা তিলাওয়াতের জন্য কোনো সময়কে নির্দিষ্ট করা হয়নি। তাই জুমার দিন যেকোন সময় আমলকরলে এর ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ।
আর জুমার দিন হলো, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। এই ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জুমার নামাজের আগে বা পরে যেকোন সময় সুরা কাহাফ তিলাওয়াতের আমল করা যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








