প্রায় পাঁচ বছর ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ছিল মানিকগঞ্জ শহরের একমাত্র পৌর শিশুপার্ক। নষ্ট হয়ে গিয়েছিল খেলাধুলার সরঞ্জাম, থেমে গিয়েছিল শিশুদের কলকাকলি। নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। সংস্কারের পর নতুন সাজে চালু হয়েছে শহীদ রফিক সড়কসংলগ্ন মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্ক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য তেমন কোনো পার্ক ছিল না। এই পার্কটিও দীর্ঘদিন অবহেলা-অযত্নে পড়ে ছিল। পার্কটি সংস্কার করে নতুন রূপে ফিরিয়ে আনার বিষয়টি তাঁর নির্বাচনী ইশতেহারে ছিল। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পার্কটি সংস্কার করা হয়েছে। বিজয়ের মাস শুরুর আগেই পার্কটি শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করে সাজাতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।
দীর্ঘদিন পর পার্কটি চালু হওয়ায় খুশি স্থানীয় শিশু ও অভিভাবকরা। তাঁদের মতে, শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর জন্য পার্কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আসফিয়া জানায়, পার্কে এসে খেলতে তার খুব ভালো লাগছে। আগে পার্কটিতে ঠিকমতো খেলাধুলা করা যেত না। এখন নতুন পরিবেশে খেলতে পেরে সে আনন্দিত।
পৌরসভার বাসিন্দা ফারহানা বলেন, সন্তানরা প্রায়ই পার্কে যাওয়ার বায়না করত। কিন্তু পার্কটির বেহাল অবস্থা দেখে তাদের সেখানে নিয়ে যাওয়া সম্ভব হতো না। এতে শিশুরা ধীরে ধীরে মুঠোফোনে বেশি সময় কাটাতে শুরু করে। পার্কটি আবার চালু হওয়ায় তাঁর মতো অনেক অভিভাবকই খুশি। এখন শিশুদের জন্য সুন্দর ও মনোরম পরিবেশ তৈরি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








