অতি দরিদ্র পরিবারের আর্থিক স্বচ্ছলতা ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে জয়পুরহাটে বিনামূল্যে ২০টি গাভী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় উপমা সমাজ উন্নয়ন সংস্থা (ইউএস ইউএস) ১৫তম পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের কেশবপুর (নিশিরমোড়) এলাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী ২০টি পরিবারের হাতে গাভী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।
এ ছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল এবং মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, অতি দরিদ্র পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাভীগুলো সঠিকভাবে লালন-পালন ও পরিচর্যার মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো দুধ উৎপাদন এবং বাছুর পালনের সুযোগ পাবে। এতে তাদের পারিবারিক আয় বাড়বে এবং আর্থিকভাবে ঘুরে দাঁড়ানো সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
আলোচনা শেষে ২০টি অতি দরিদ্র পরিবারের হাতে বিনামূল্যে একটি করে গাভী তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








