কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার অনেক ঐতিহ্য ও সংস্কৃতি। তবে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষকরা এখনো ধরে রেখেছেন বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। নতুন ধানের ঘ্রাণ আর বাহারি খাবারের আয়োজনে গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। জামাই-ঝি, আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের নিয়ে চলছে খাওয়া-দাওয়া, আনন্দ-উল্লাস ও মিলনমেলা।
নবান্ন বাঙালির শস্যভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব। নতুন আমন ধান ঘরে তোলার আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর এ উৎসব পালন করেন নন্দীগ্রামের কৃষকরা। মুসলিম কৃষকরা অগ্রহায়ণ মাসের প্রথম শুক্রবার থেকে নবান্ন উৎসব উদযাপন শুরু করেন। কয়েক দিন ধরে চলে এ আয়োজন। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বী কৃষকরা সনাতনী পঞ্জিকা অনুযায়ী পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব পালন করেন।
উৎসব উপলক্ষে গ্রামবাংলার বাড়িতে বাড়িতে রান্না হয় নতুন চালের ভাত, বিরিয়ানি, পিঠাপুলি, পায়েসসহ নানা ধরনের সুস্বাদু খাবার। এসব খাবারের ঘ্রাণে মুখর হয়ে ওঠে গ্রামের পরিবেশ। পরিবারের সদস্যদের পাশাপাশি জামাই-ঝি ও আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানিয়ে চলে বিশেষ আপ্যায়ন।
মুসলিম কৃষক পরিবারগুলোতে অতিথিদের আপ্যায়নে গরু, মহিষ ও খাসির মাংস, বিভিন্ন প্রজাতির মাছ, নতুন চালের ভাত ও বিরিয়ানিসহ নানা পদের খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি থাকে পিঠাপুলি ও পায়েস। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে চলে আনন্দঘন ভোজ।
একইভাবে সনাতন ধর্মাবলম্বী কৃষকরাও নবান্ন উৎসব উপলক্ষে জামাই-ঝি ও আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানান। তাঁদের বাড়িতেও নতুন চালের ভাত, বড় মাছ, বিরিয়ানি, পিঠাপুলি ও পায়েসসহ বিভিন্ন সুস্বাদু খাবারের আয়োজন করা হয়। নতুন ধানের চাল দিয়ে তৈরি খাবার পরিবেশনের মধ্য দিয়ে তাঁরা ভাগাভাগি করে নেন নতুন ফসল ঘরে তোলার আনন্দ।
কৃষকদের কাছে নবান্ন শুধু খাওয়া-দাওয়ার উৎসব নয়, এটি তাঁদের প্রাণের উৎসব। এ আয়োজনের মধ্য দিয়ে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়। পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক ও সামাজিক সম্প্রীতিও সুদৃঢ় হয়। নতুন ফসল ঘরে তোলার আনন্দে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের একত্র হওয়ার সুযোগ তৈরি হয়।
উপজেলার রণবাঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব বলেন, ‘আমরা প্রতিবছর নবান্ন উৎসব পালন করে আসছি। আত্মীয়-স্বজনদের নিয়ে এ উৎসব করতে খুব ভালো লাগে। সবাই একসঙ্গে আনন্দ করে খাওয়া-দাওয়া করি। এতে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়।’
নন্দীগ্রাম পূর্বপাড়ার কৃষক অসিম কুমার রায় বলেন, ‘আমরা পহেলা অগ্রহায়ণ নবান্ন উৎসব পালন করেছি। এ উপলক্ষে বিভিন্ন ধরনের মাছসহ নানা রকম খাবারের আয়োজন করা হয়। আত্মীয়-স্বজনদের নবান্নের খাবার খাওয়াতে খুব আনন্দ লাগে। এ আনন্দ ও ঐতিহ্য ধরে রাখতেই আমরা প্রতিবছর নবান্ন উৎসব পালন করে আসছি।’
নবান্ন উৎসব ঘিরে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে গরু, মহিষ ও খাসি জবাইয়ের আয়োজন করা হয়। পাশাপাশি বসে মাছের মেলা। এসব মেলায় ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও থাকে চোখে পড়ার মতো। নতুন ধানের চাল, বাহারি খাবার আর আত্মীয়-স্বজনদের মিলনমেলায় উৎসবমুখর হয়ে ওঠে গ্রামবাংলার জনপদ।
আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ সংস্কৃতির অনেক আয়োজন হারিয়ে যেতে বসলেও নন্দীগ্রামের কৃষকদের এমন উদ্যোগ প্রমাণ করে, নতুন ফসল ঘরে তোলার আনন্দ ও নবান্নের ঐতিহ্য এখনো তাঁদের হৃদয়ে গভীরভাবে জায়গা করে আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








