ঝিনাইদহের নবগঙ্গা নদীর ওপর পাকা সেতু না থাকায় বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের অন্তত ১০টি গ্রামের হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ কাঠ-বাঁশের সাঁকোই তাঁদের চলাচলের একমাত্র ভরসা। এতে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষক, নারী ও বয়স্কসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসাসেবাও। পৌরসভার কাছেই এমন দুরবস্থা থাকলেও দীর্ঘদিনেও নির্মিত হয়নি কোনো পাকা সেতু।
সরেজমিনে দেখা যায়, নবগঙ্গা নদীর ওপর নির্মিত সরু কাঠের সাঁকোটির এক পাশে ঝিনাইদহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়পুর গ্রাম, অন্য পাশে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রাম। দুই পাড়ের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম এই সাঁকো। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।
বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে এবং সাঁকো পিচ্ছিল হয়ে উঠলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। শিশু, নারী ও বয়স্কদের জন্য সাঁকো পারাপার হয়ে ওঠে কষ্টসাধ্য।
উদয়পুর গ্রামের বাসিন্দা শাকিল হোসেন বলেন, বছরের পর বছর ধরে এই সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে। শিশু, নারী ও বয়স্কদের সাঁকো পার হতে অনেক সমস্যা হয়। প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয়। এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হলে দুই পাড়ের মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।
বারইখালী গ্রামের কৃষক নজু মিয়া বলেন, সাঁকো দিয়ে ভ্যান, রিকশা কিংবা বড় কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে উৎপাদিত ফসল মাথায় করে নদী পার করতে হয়। কেউ অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে রোগী ও মালামাল আনা-নেওয়ায় চরম সমস্যায় পড়তে হয়। বিকল্প পথে যেতে কয়েক কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়।
স্থানীয় বাসিন্দা সালাম মিয়া বলেন, ঝিনাইদহ পৌরসভা ও পাশের পোড়াহাটি ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে এখানে দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা প্রয়োজন। সেতুটি নির্মিত হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এলাকাবাসী।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ওই স্থানে সেতু না থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ হচ্ছে। সেখানে একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রকল্পটি অনুমোদন করে নবগঙ্গা নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








