পাবনার ভাঙ্গুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬০টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। পাশাপাশি ৩১টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। বছরের পর বছর গুরুত্বপূর্ণ এসব পদ শূন্য থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও স্বাভাবিক পাঠদান।
জানা গেছে, প্রধান শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সামলাতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়ছেন তাঁরা। ফলে শিক্ষার্থীদের পাঠদান তদারকি, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মান নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় শূন্য পদগুলো পূরণ হচ্ছে না। এর মধ্যে প্রতিবছর শিক্ষকরা অবসরে যাওয়ায় প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা আরও বাড়ছে। ফলে সংকট ক্রমেই প্রকট হচ্ছে।
উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুজ্জামান, ফিরোজ আহমেদ, মো. জাহাঙ্গীর আলম ও কানিজ ওয়ারেসী বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। একই সঙ্গে নিয়মিত পাঠদানও ব্যাহত হচ্ছে।
তাঁরা বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান বজায় রাখতে দ্রুত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা জরুরি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী বলেন, শিক্ষক সংকটের বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও সংশ্লিষ্টরা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








