আগামী বছরের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চীনা, কোরীয় ও আরবি—এই তিনটি বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘আইডিয়া শেয়ারিং অন একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন’ শীর্ষক সেমিনারে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে। এতে দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকারের লক্ষ্য হলো শিক্ষার্থীরা শুধু চাকরি খুঁজবে না, বরং উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ। ইতিমধ্যে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পাঠদান, প্রশিক্ষণ এবং চাকরি মেলার আয়োজন করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন তিনটি বিদেশি ভাষা শিক্ষার উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এসব ভাষা শেখার সুযোগ চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের বেকার জনগোষ্ঠীকেও দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিজ্ঞানের বিষয়ে এ বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে রয়েছে। ইউজিসির সহযোগিতায় বিজ্ঞানের বিষয়গুলো চালুর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। শিক্ষার্থীদের একাডেমিক ডিগ্রির পাশাপাশি যোগাযোগ দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, চাকরির ক্ষেত্রে অনেক প্রার্থীর জীবনবৃত্তান্ত প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে যায়। ভালো যোগাযোগ দক্ষতা থাকলে একজন চাকরিপ্রার্থী কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা আরও ভালোভাবে তুলে ধরতে পারেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল।
সেমিনারে নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড, বাদশা গ্রুপ, থার্ড আই, মেঘনা গ্রুপ, রানার অটোমোবাইলস, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক ও কনজ্যুমার নিটেক্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমীসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








