ঈদকে ঘিরে রাজধানীতে বাড়ছে উৎসবের আমেজ। সেই আমেজকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তুলতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনব্যাপী “টপ ঈদ ফ্যাশন মেলা ২০২৬”।
উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘TOP (The One Platform) Entrepreneurs’ -এর আয়োজনে আগামী ২১, ২২ ও ২৩ মে রাজধানীর মিরপুরে মেঘবরণী রেস্টো & পার্টি সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, দেশের উদীয়মান ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের এক ছাদের নিচে এনে ফ্যাশন, লাইফস্টাইল ও সৃজনশীল পণ্যের এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনী তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
এবারের মেলায় অংশ নিচ্ছেন দেশের শীর্ষ পর্যায়ের একাধিক তারকা ব্র্যান্ড প্রমোটর ও পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন বারিশা হক, বুশরা কবির, আফরিন আনিস রহমান, টিউলিপ রহমান ও সাব্রিনা ইসলামসহ আরও অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব।
আয়োজকদের প্রত্যাশা, তারকাদের উপস্থিতি মেলাটিকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলবে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের পণ্য ও ব্র্যান্ড সরাসরি দর্শক ও ক্রেতাদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন। বিশেষ করে অনলাইনভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটি হবে নিজেদের ব্র্যান্ড পরিচিতি বাড়ানোর গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। একইসঙ্গে ক্রেতারাও এক জায়গায় বিভিন্ন ধরনের ফ্যাশন, লাইফস্টাইল ও ঈদকেন্দ্রিক পণ্য ঘুরে দেখার সুযোগ পাবেন।
মেলাটিকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আয়োজকরা। দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল ও স্বনামধন্য ব্লগারদের মাধ্যমে পুরো আয়োজনটি কাভার করা হবে। ফলে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর জন্য এটি বাড়তি প্রচারণা ও পরিচিতি তৈরির সুযোগ সৃষ্টি করবে।
এছাড়াও দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে নানা ধরনের বিনোদনের আয়োজন। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ঘোড়ারগাড়ির র্যালি, ব্যান্ড পার্টি ও মিকির নাচ। পাশাপাশি তিনদিনজুড়ে অনুষ্ঠিত হবে লাইভ ফ্যাশন শো এবং লাইভ মিউজিক প্রোগ্রাম, যা দর্শকদের বাড়তি আনন্দ দেবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকদের মতে, “টপ ঈদ ফ্যাশন মেলা ২০২৬” শুধুমাত্র কেনাবেচার আয়োজন নয়; এটি উদ্যোক্তা, ক্রেতা ও ব্র্যান্ডপ্রেমীদের জন্য একটি প্রিমিয়াম নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। এখানে নতুন উদ্যোক্তারা যেমন নিজেদের পণ্যের প্রচারণা চালানোর সুযোগ পাবেন, তেমনি অভিজ্ঞ উদ্যোক্তারাও নতুন ক্রেতা ও ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ পাবেন।
বর্তমানে দেশের অনলাইন ও ফ্যাশনভিত্তিক উদ্যোক্তাদের মধ্যে যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে আরও বড় পরিসরে তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের বিশ্বাস, এই ধরনের আয়োজন দেশীয় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উদ্যোক্তাদের জন্য নতুন বাজার ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









