দেশের অষ্টম বিভাগীয় নগরীকে সবুজায়নে গড়ে তুলতে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন।
শনিবার (১৩ জুন) দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দস্থ তিতাস কার্যালয় সংলগ্ন সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন শেষে প্রশাসক বলেন, ‘‘আমরা এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের নতুন নতুন খাল সৃষ্টি হচ্ছে। এসব খাল রক্ষার জন্য বৃক্ষরোপন অতিব জরুরি। দেশের প্রধানমন্ত্রী বলেছেন নগরীতে পর্যাপ্ত বৃক্ষ না থাকার কারণে এবং উচ্চ ভবন থাকার কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। এ কারণে বেড়েছে রোদ্রের তাপ, কমে গেছে বৃষ্টির মাত্রা। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষমাত্রা নির্ধারণ করেছেন। এর মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় আমরা এক লক্ষ বৃক্ষরোপণ করবো। এগুলো রোপণ হবে নগরীর খালিস্থান এবং খাল সংলগ্ন এলাকায়।’’
তিনি আরো বলেন, ‘‘শুধু বৃক্ষরোপণ করেই আমরা ক্ষান্ত থাকবো না। এগুলোর রক্ষণাবেক্ষণেও আমাদের কর্মীবাহিনী প্রতিনিয়ত সরব থাকবে। আমাদের প্রত্যাশা এক লক্ষ বৃক্ষরোপণ হলে কমপক্ষে ৮০ হাজার বৃক্ষ বেড়ে উঠবে সবুজ প্রকৃতি নিয়ে।’’
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মসিকের পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ রাজীব উল আহসান, জুনিয়র এক্সিকিউটিভ অফিসার আমিনুল ইসলাম, বজ্য কর্মকর্তা মোহাব্বত প্রমূখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









