শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। বাজারে বাড়ছে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও নতুন আলুর সরবরাহ। এর প্রভাবে এসব সবজির দামও কমতে শুরু করেছে। কয়েক দিনের ব্যবধানে নতুন আলু ও কাঁচা মরিচের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। তবে বেগুন ও টমেটোর দাম এখনো চড়া।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-৬ ও মিরপুর ৬০ ফিট এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বড় আকারের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ছোট ও মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপির দাম ৩০ থেকে ৩৫ টাকা। প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, শীতের সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। বড় আকারের ফুলকপির দাম আগের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কমেছে। মুলার দাম কেজিতে কমেছে সর্বোচ্চ ২০ টাকা। বর্তমানে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ আরও বাড়লে আগামী দিনে এসব সবজির দাম কমতে পারে বলে আশা করছেন তারা।
বাজারে নতুন আলুর সরবরাহও বাড়ছে। সপ্তাহ দেড়েক আগে প্রতি কেজি নতুন আলু ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ১২০ টাকায় নেমেছে। তবে পুরোনো আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। ফলে নতুন ও পুরোনো আলুর দামে এখনো বড় ব্যবধান রয়েছে।
অন্যদিকে কাঁচা মরিচের দামও কমেছে উল্লেখযোগ্য হারে। আগে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা বিক্রি হলেও বর্তমানে ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
এদিকে বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে। তবে সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় দাম এখনো বেশি। প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা টমেটো ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি ঢেঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের শাকের মধ্যে প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়ায় কয়েকটি পণ্যের দাম কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও কাঁচা মরিচের দাম কমায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে সব ধরনের সবজির দাম এখনো ক্রেতাদের নাগালে আসেনি। টমেটো ও বেগুনের মতো কয়েকটি সবজি কিনতে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
মিরপুর ৬০ ফিট এলাকায় বাজার করতে আসা মাইনুল হাসান বলেন, কয়েক দিন আগেও ফুলকপি, মুলা ও কাঁচা মরিচ কিনতে বেশি টাকা খরচ করতে হয়েছে। এখন এসব সবজির দাম কিছুটা কমেছে। তবে সব ধরনের সবজির দাম কমেনি। বিশেষ করে বেগুন ও টমেটোর দাম এখনো বেশি। পরিবারের জন্য একসঙ্গে কয়েক ধরনের সবজি কিনতে গেলে বেশ ভালো অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। শীতের সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমবে বলে আশা করেন তিনি।
কাজীপাড়া এলাকার ক্রেতা শামীম রেজা বলেন, বাজারে কিছু সবজির দাম কমলেও সংসারের নিত্যদিনের বাজার খরচ খুব একটা কমেনি। আগে যে পরিমাণ টাকা নিয়ে বাজারে গেলে প্রয়োজনীয় সবজি কেনা যেত, এখন একই টাকায় সবকিছু কেনা কঠিন। কয়েকটি সবজির দাম কমলেও টমেটো ও বেগুনসহ কিছু পণ্যের দাম এখনো বেশি।
অন্যদিকে বিক্রেতারা জানান, পাইকারি বাজারে কেনা দাম ও সরবরাহের ওপর নির্ভর করে সবজির দাম। যেসব সবজির সরবরাহ বেশি, সেগুলোর দাম কমছে। আর যেসব সবজির সরবরাহ তুলনামূলক কম, সেগুলোর দাম বেশি থাকছে।
মিরপুর-৬ এলাকার সবজি বিক্রেতা মোজাম্মেল হোসেন বলেন, কয়েক দিন আগের তুলনায় এখন বাজারে শীতের সবজি বেশি আসছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও মুলার সরবরাহ বেড়েছে। এ কারণে এসব সবজির দাম কমেছে। নতুন আলুও বাজারে উঠতে শুরু করেছে। শুরুতে দাম বেশি থাকলেও এখন আগের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে।
মিরপুর ৬০ ফিট এলাকার বিক্রেতা অনিক বলেন, বাজারে সব ধরনের সবজির দাম একসঙ্গে কমে না। যেসব সবজির সরবরাহ বেশি থাকে, সেগুলোর দাম কমে যায়। আবার সরবরাহ কম থাকলে দাম বেশি থাকে। বর্তমানে নতুন মৌসুমের দেশি টমেটো বাজারে আসতে শুরু করলেও সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। এ কারণে টমেটোর দাম তুলনামূলক বেশি। সামনে সরবরাহ বাড়লে টমেটোসহ অন্যান্য সবজির দামও কমতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









