শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

১০০’র নিচে নেই সবজি, কমেছে মুরগির দাম

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ পিএম

আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম

১০০’র নিচে নেই সবজি, কমেছে মুরগির দাম

অতিরিক্ত পরিবহন খরচ, সবজির মৌসুম শেষ, সরবরাহ কমসহ বিভিন্ন কারণে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব সবজির কেজি ১০০ টাকার ওপরে। এমনকি গ্রীষ্মের সবজি বেগুন, পটোল, ঢ্যাঁড়সের দামও ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা স্বাভাবিক অন্য বছরের ভরা মৌসুমের দামের চেয়ে প্রায় দ্বিগুণ। তবে বাজারে ব্রয়লার মুরগির দাম স্বাভাবিক। পাশাপাশি কিছুটা কমতে শুরু করেছে সোনালি মুরগির দাম। এমন পরিস্থিতিতে বাজারে সবজি কিনতে হিমসিম খাচ্ছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। 

আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন ঊর্ধ্বগতি দেখা গেছে।

বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, বরবট প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর শেওরাপাড়া বাজারে বাজার করতে এসে বেসরকারি চাকরিজীবী মো. রাকিব হোসেন বলেন, আজ বাজার করতে এসে দেখছি সব ধরনের সবজির দাম অনেক বাড়তি। বেশিরভাগ সবজি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, অন্যগুলো ৮০ টাকার ঘরে। অল্প কিছু সবজি‌ ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে বলতে গেলে প্রতিটা সবজির দাম অতিরিক্ত বেশি। 

তিনি আরও বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে সবজির দাম খুব বেশি যাচ্ছে। যে যার মতো ইচ্ছে করে বাড়তি দাম আদায় করছে। অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ দেখছি না। 

সবজির দাম বৃদ্ধির বিষয়ে সবজি বিক্রেতা আব্দুল মজিদ বলেন, আসলে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। মূলত বেশ কিছু সবজির মৌসুম এখন শেষ হয়েছে, নতুন করে সবজি ওঠার আগ পর্যন্ত বাড়তি দাম থাকবে। পাইকারি বাজারেই আমাদের সব ধরনের সবজি বাড়তি দামে কিনতে হচ্ছে।‌ 

এদিকে বিক্রেতারা জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি কয়েকদিনের বৃষ্টিতে বাজারে বেড়ে গেছে প্রায় সব ধরনের সবজির দাম।

অন্যদিকে, বাজারে ব্রয়লার মুরগির দাম স্বাভাবিক। পাশাপাশি কিছুটা কমতে শুরু করেছে সোনালি মুরগির দাম। বাজারভেদে প্রতি কেজি সোনালি মুরগি ৩৮০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। যা ৪৫০ টাকায় উঠেছিল।

এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে। প্রতি ডজন ফার্মের ডিম কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা।

বাজারে গেলো ঈদে বেড়ে যাওয়া গরুর মাংসের দাম এখনো কমেনি। প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮৫০ টাকা দরে। তবে দরদাম করে অনেক দোকানে ২০ থেকে ৩০ টাকা কমেও কেনা যাচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.