‘নারী সহিংসতা হোক অবসান, নারী পাক তার প্রাপ্য সম্মান’- এই স্লোগানে লালমনিরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলা পরিষদ অডিটোরিয়ামে বেসরকারি সংগঠন পারিবারিক আয় উন্নয়ন সংস্থা (ফিডা)-এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সিকদার।
ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে তরুণ সমাজকে নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা, এর কারণ ও প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারী ও কন্যাশিশুর নিরাপত্তা এবং তাদের প্রাপ্য অধিকার ও সম্মান নিশ্চিত করতে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় যুবসমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









