দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ঈদুল আজহার ছুটিতে ঈদের দিন ছাড়া প্রতিদিনই খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন।
সোমবার (১৮ মে) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে ঢাকা, চট্টগ্রাম, মোংলা, আইসিডি কমলাপুর, পানগাঁওসহ বিভিন্ন কাস্টমস হাউস ও কমিশনারেটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এছাড়া বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই, ঢাকা ও চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









