জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়।
সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের চতুর্থ তলায় ‘নবযুগ’ কনফারেন্স কক্ষে ‘শুনুন, সংযোগ স্থাপন করুন, সহায়তা করুন: মানসিকভাবে সংগ্রামরত একজন মানুষকে কীভাবে সাহায্য করবেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা বলেন, ইন্টারনেট ও মোবাইল আসক্তির কারণে তরুণদের মধ্যে সামাজিক বিচ্ছিন্নতা, একাকিত্ব ও হতাশা বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে বই পড়া, খেলাধুলা, পরস্পরের সঙ্গে ভাবের আদান-প্রদান এবং একে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা জরুরি। প্রয়োজনে মনোচিকিৎসকের সহায়তা নেওয়ারও আহ্বান জানান তিনি।
সেমিনারে মূল বক্তা ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও শিশু মনোবিজ্ঞানী মেশকাত নওশিন কেয়া। তিনি মানসিক স্বাস্থ্য ভালো রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন। স্বাগত বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আশরাফুল আলম। সেমিনার সঞ্চালনা করেন দপ্তরটির সহকারী পরিচালক আদিবা আক্তার।
বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় সেমিনারে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন উপস্থিত থাকতে পারেননি।
প্রতিবছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। ২০২৬ সালের প্রতিপাদ্য ‘অভিজ্ঞতার কথা শোনা: বাস্তব মানুষের কণ্ঠস্বর, বাস্তব পরিবর্তন’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









