হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ৭২ জনে দাঁড়াল।
বুধবার (১৭ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
মারা যাওয়া শিশুরা হলো— সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদপুর গ্রামের রুমেন মিয়ার ছেলে রাইয়ান (৬ মাস), ছাতক উপজেলা সদরের আঙ্গুর মিয়ার ছেলে তাউসিফ ইসলাম (৫ মাস) এবং সিলেটের জকিগঞ্জ খলাছড়ার মিনহাজ আহমদের মেয়ে আমায়রা জান্নাত (৭ মাস)। তাদের মধ্যে রাইয়ান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং তাউসিফ ও আমায়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সরকারি হিসেবে এ পর্যন্তসিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে ৭২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ৩০ জন, সিলেট জেলায় ২৭ জন, মৌলভীবাজার ৯ জন ও হবিগঞ্জ ৬ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোট ২৮৪ জন রোগী। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে একজন এবং এই সময়ে ৫৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আজ ১৭ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









