এবার সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ সফটওয়্যার তৈরি করেছে এবং এর প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার জন্য তৈরি সফটওয়্যারটি প্রদর্শন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় অনলাইনে ভর্তি কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ভর্তি-সংক্রান্ত সফটওয়্যারের ব্যবহার পদ্ধতি, শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সহজীকরণ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, আধুনিক প্রযুক্তিনির্ভর এ ভর্তি ব্যবস্থাপনা শিক্ষার্থীদের ভোগান্তি কমাবে এবং ভর্তি কার্যক্রমকে আরও স্বচ্ছ, সহজ ও কার্যকর করে তুলবে। নতুন এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই ভর্তি-সংক্রান্ত অধিকাংশ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









