নাটোরের বড়াইগ্রামে তাবাসুম স্পেশাল ও দেশ ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাবাসুম স্পেশাল বাসটি ঢাকা থেকে নাটোরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, দেশ ট্রাভেলসের বাসটি নাটোর থেকে ঢাকায় যাচ্ছিল। পথে থানা মোড় এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বনপাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আলমগীর জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









