নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কুষ্টিয়ায় প্রতিষ্ঠানটির ক্যান্টিন ভবনের সম্মেলনকক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমানের সভাপতিত্বে সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান, মিসেস সেলিমা বেগম, মিসেস তানিয়া আফরোজ ও মাস্টার তাসফিকুর রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও জেনারেল ম্যানেজার (অপারেশন) এনামুল হক। বক্তব্য দেন ডিরেক্টর (অপারেশন) সুবীর কুমার নন্দী, ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান ও গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমান।
বক্তারা বলেন, গুণগত মান, সততা ও সুনাম বজায় রেখে বিআরবি কেবল দেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রতিষ্ঠানটি অবস্থান তৈরি করেছে। এ সাফল্যের পেছনে উদ্যোক্তাদের দূরদর্শিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ক্যাবল শিল্প ও ব্যবসা-বাণিজ্যে অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা একাধিকবার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদা ও জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের কেন্দ্রীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম সাইফুদ্দিন আহমেদ। এতে দেশ ও জাতির কল্যাণ, বিআরবি গ্রুপের সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও অতিথিদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয় এবং তবারক বিতরণ করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, এ উপলক্ষে প্রায় ৪৮ মণ ছাগলের মাংস দিয়ে বিশেষ তবারক প্রস্তুত করা হয়েছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









