জয়পুরহাটের কালাই উপজেলায় যৌথ মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইনজেকশনসহ চারজনকে আটক করেছে বিজিবি। এ সময় ১৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২টি ইনজেকশন, দুটি স্মার্টফোন ও নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৫৭ হাজার ৬১০ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকার একটি পুকুরপাড়ে এ অভিযান চালানো হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় সূত্র ও জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পাওয়া তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে অভিযানে বিজিবির দুটি টহল দল, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
আটক ব্যক্তিরা হলেন কালাই উপজেলার পাঁচগ্রাম এলাকার মো. দেলোয়ার হোসেন (৩৫) ও মো. ছানোয়ার হোসেন (৩২), দেওগ্রাম এলাকার আঞ্জমান (৩২) এবং আফিয়া ফেরদৌসী মিম (২৫)।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১৮০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২টি কুপিজেসিক ইনজেকশন, দুটি স্মার্টফোন ও নগদ টাকা। ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা, ইনজেকশনের মূল্য ৩০ হাজার ৬০০ টাকা এবং স্মার্টফোন দুটির মূল্য ৬০ হাজার টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের ও জব্দ করা মালামাল কালাই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









