দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন নেইমার। বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানোর পর স্মরণ করলেন তার আর্জেন্টাইন বন্ধু মেসিকে। করলেন এক আবেগঘন মন্তব্য।
ক্লাব ফুটবলে একসঙ্গে কাটানো সময়ের স্মৃতি টেনে নেইমার বলেন, ‘‘মাঠে মেসি কতটা ভালো সেটা তো সবাই জানেন, মাঠের বাইরে সে আরও অসাধারণ। সে একজন দারুণ বন্ধু। সে জানে আমি তাকে কতটা ভালোবাসি।’’
ফুটবল বিশ্বের অন্যতম বিখ্যাত বন্ধুত্বগুলোর একটি গড়ে উঠেছিল বার্সেলোনার ড্রেসিংরুমে। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত চার মৌসুমে মেসি-নেইমার জুটি ইউরোপিয়ান ফুটবলে তৈরি করেছিল এক ভয়ংকর অধ্যায়। পরে প্যারিস সেন্ট জার্মেইনেও আবার একসঙ্গে খেলেছেন দুজন। সময় বদলেছে, জার্সি বদলেছে, কিন্তু বন্ধুত্বের সমীকরণ বদলায়নি।
এদিকে মাঠে ব্রাজিল ছড়িয়েছে মুগদ্ধতা। শুরু থেকেই স্কটল্যান্ডকে চাপে রাখে কার্লো আনচেলত্তির দল। সপ্তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় সেলেসাওরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হেডে নিজের দ্বিতীয় গোল করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। বিরতির পর মাতেউস কুনিয়া তৃতীয় গোল যোগ করলে জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









