কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী ভাড়ায় চালিত বিআরটিসির একটি বাসের চাকা বিস্ফোরিত হয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন এবং আতঙ্কে এক নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার পর দুজনই বর্তমানে সুস্থ আছেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বাসটির একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হলে বাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে এক নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে যান। এছাড়া বিস্ফোরিত চাকার তাপের আঘাতে এক শিক্ষার্থীর পায়ে আঘাত লাগে। আহত ওই শিক্ষার্থী সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনার পর বাসটি নিরাপদ স্থানে থামানো হলে সহপাঠী ও উপস্থিত ব্যক্তিদের সহযোগিতায় আহত ও অজ্ঞান শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তন্ময় সরকার বলেন, ‘আমি তখন বাসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে বাসের চাকা বিস্ফোরিত হয়। এতে এক নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে যান এবং একজন শিক্ষার্থী পায়ে আঘাত পান। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'
তিনি বলেন, 'এ ধরনের ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিআরটিসির বাসগুলোর ফিটনেস নিশ্চিত করার বিষয়ে আরও সচেতন ও কার্যকর পদক্ষেপ নেওয়া।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে বাসটির চাকা বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া পদুয়ার বাজার ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান থাকায় সড়কে ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রীর ক্ষুদ্রাংশও এ ঘটনার কারণ হতে পারে। বিকট শব্দে এক ছাত্রী অচেতন হয়ে পড়েছিলেন। তবে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার পর তিনি এখন সুস্থ আছেন। এছাড়া এক শিক্ষার্থীর পায়ে বিস্ফোরিত চাকার গরম বাতাসের আঘাত লেগেছে।’
তিনি আরো বলেন, 'ভালো ফিটনেসের বাসের জন্য আমরা চেষ্ঠা করছি।'


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









