জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে গোলাপগঞ্জে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের আগামীর পথচলা গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে গোলাপগঞ্জে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। যেন ভবিষ্যৎ প্রজন্ম তাদের আত্মত্যাগ কখনো ভুলে না যায়।”
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ হিরণ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইউসুফ হোসাইন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হক, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন আহমদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ও চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









