বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরে সামার ২০২৬ (২৩ তম ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রায় ৬০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘‘উচ্চশিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ, গবেষণা, উদ্ভাবন এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.) বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা, বিভিন্ন নীতিমালা এবং শিক্ষার্থী সহায়তা সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি, ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে আত্মবিশ্বাসের সঙ্গে পথচলা শুরু করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। ছাত্র কল্যাণ উপদেষ্টা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবীনদের বিএইউএসটি পরিবারের সদস্য হিসেবে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









