গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর আহ্বান জানিয়েছেন।
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সময় শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হলে তিনি তা বিনয়ের সঙ্গে গ্রহণে অস্বীকৃতি জানান।
এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, “আমি এখন ফুলেল শুভেচ্ছা নিতে আগ্রহী নই। আগামী চার বছর আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার পর, আজ যেভাবে আপনারা আমাকে গেট থেকে নিয়ে এসেছেন, ঠিক সেভাবেই ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানালে সেটিই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন, “আপনারা আমাকে অভিনন্দন জানিয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে আমি ফুলেল শুভেচ্ছা সেদিনই গ্রহণ করব, যেদিন আমি আমার দায়িত্ব সফলভাবে পালন করতে সক্ষম হব।”
উপাচার্যের এমন বক্তব্য উপস্থিত শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং দায়িত্ব পালনের প্রতি তাঁর অঙ্গীকারের বার্তা হিসেবে দেখা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









