বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ৮।
সোমবার (২০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৮-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম (সেবা)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানাধীন চরপত্তানিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি মো. সাইদকে (২২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইদ বরিশাল সদর উপজেলার রাজারচর এলাকার মো. মোক্তারের ছেলে।
এর আগে, একই মামলায় অভিযান চালিয়ে গত বুধবার (১৬ জুলাই) দিবাগত রাতে মামলার অন্যতম আসামি রুহুল আমিন আঁকনকে (২৯) গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রুহুল আমিন বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রামের বাসিন্দা জামাল আকনের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন উল ইসলাম জানান, গত ১০ জুলাই রাতে ১৩ বছর বয়সী ওই কিশোরী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গত বুধবার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পরপরই পুলিশ অভিযানে নামে।
ওসি আরও জানান, মামলা দায়েরের পরই এজাহারনামীয় ৩ নম্বর আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগী কিশোরী তাকে শনাক্ত করেছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম যৌথভাবে কাজ করছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরী নিজ ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে এবং চাকুর ভয় দেখিয়ে হত্যার হুমকি দেয়। পরে তাকে জোরপূর্বক প্রতিবেশী ইলিয়াসের বসতঘরের দোতলায় নিয়ে যাওয়া হয়।
সেখানে অভিযুক্ত ইলিয়াস, সাইদ ও রুহুল আমিন ভোর ৫টা পর্যন্ত কিশোরীর ওপর পাশবিক নির্যাতন চালায়। নির্যাতন শেষে দুর্বৃত্তরা কিশোরীর কানের দুল ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাকে বাড়ির পাশে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। প্রাথমিক চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সামলে উঠে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি সাইদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার প্রধান অভিযুক্ত ইলিয়াসকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









