ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিম্নমানের ও টক স্বাদযুক্ত খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। এতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
শনিবার (১ আগস্ট) দিনব্যাপী দুই পর্বে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে শিক্ষার্থীদের আপ্যায়নের অংশ হিসেবে মধ্যাহ্নভোজের ব্যবস্থা ছিল। তবে অধিকাংশ শিক্ষার্থীর অভিযোগ, পরিবেশন করা খাবার ছিল পচা, টক ও সেদ্ধ না হওয়া। ফলে অধিকাংশ শিক্ষার্থী খাবার না খেয়েই ফেলে দিতে বাধ্য হন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনার জন্য প্রশাসন মোট ১৪টি কমিটি গঠন করে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে আহ্বায়ক করে ৮ সদস্যের একটি ‘আপ্যায়ন উপ-কমিটি’ গঠন করা হয়। অনুষ্ঠানে প্রাথমিকভাবে আপ্যায়নের বাজেট ১২ লাখ ৫ হাজার টাকা ধরা হলেও পরবর্তীতে উপাচার্য ভ্যাটসহ প্রতি প্যাকেট খাবারের মূল্য ২৫০ টাকা নির্ধারণ করেন। সেই অনুযায়ী ৩ হাজার ৫০০ প্যাকেট খাবার সরবরাহ করা হয় কুষ্টিয়ার ‘ধোঁয়া রেস্টুরেন্ট’ থেকে, যা বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের প্রভোস্ট ও সহকারী অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক পরিচালনা করেন বলে জানা যায়।
অভিযোগের বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘‘ভাত একেবারেই খাওয়ার মতো ছিল না এবং ডাল পচে নষ্ট হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে অনেকে কিছুটা মুখে দিলেও পুরো খাবার কেউই শেষ করতে পারেননি। চাল ও ডালের মান বিবেচনায় এটি সর্বোচ্চ ১০০ টাকা মূল্যের খাবার বলে মন্তব্য করেন তারা।’’
একই অভিজ্ঞতা প্রকাশ করে চারুকলা বিভাগের নবীন শিক্ষার্থীরা বলেন, ‘‘সরবরাহ করা খাবারের মান ছিল অত্যন্ত বাজে এবং তা খাওয়ার উপযোগী ছিল না। তাদের মতে, খুচরা বাজারদর অনুযায়ী এই মানসম্পন্ন খাবারের দাম সর্বোচ্চ ১৮০ টাকার বেশি হতে পারে না।’’
এ বিষয়ে আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং কুষ্টিয়ার ‘ধোঁয়া রেস্টুরেন্ট’র পরিচালক ও লালন শাহ হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. আব্দুর রাজ্জাকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদেরকে ফোনে পাওয়া যায়নি।
এদিকে বিশ্ববিদ্যালয়ে জীবনের প্রথম দিনেই এমন অনাকাঙ্ক্ষিত ও নিম্নমানের খাবার পাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়েই এখন তীব্র সমালোচনা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









