উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে। এতে লিটারপ্রতি দাম ১৮২ টাকা ৭১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। নতুন দর আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা। আর দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার।
গত চার মাসে চার দফায় বেড়েছে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম। গত আগস্টে প্রতি লিটারের দাম ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় ১৬৫ টাকা ৬৫ পয়সা। অক্টোবরে আরও বেড়ে হয় ১৮২ টাকা ৭১ পয়সা। সর্বশেষ নভেম্বরে তা নির্ধারণ করা হলো ১৮৯ টাকা ৩ পয়সা।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারা অনুযায়ী বিপিসি এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনা শেষে ২০২৫ সালের ১৩ মে জেট এ-১-এর মূল্য পুনর্নির্ধারণ করা হয়।
এরপর কমিশন মাসভিত্তিক প্ল্যাটস রেটের ভিত্তিতে জেট ফুয়েলের দাম সমন্বয়ের ব্যবস্থা করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









