ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের পর এবার বিক্ষোভস্থল থেকে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে ইমরানকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেতা।

ছবিতে তাকে জয়সূচক ‘ভি’ চিহ্ন দেখাতে দেখা যায়।
ছবির ক্যাপশনে ইমরান লেখেন, ‘‘দেখা যাচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’’
আটকের বিষয়ে পুলিশ জানিয়েছে, বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ আয়োজনের অনুমোদিত স্থান হলো আজাদ ময়দান। তবে সিজেপির সমর্থনে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি, তাদের জন্য নির্ধারিত স্থান ছিল আগস্ট ক্রান্তি ময়দান।
মুম্বাই পুলিশ আরও জানিয়েছে, ওই কর্মসূচি আয়োজনের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি। অন্যদিকে সিজেপির কর্মীদের দাবি, তারা ই-মেইলের মাধ্যমে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু কোনো জবাব পাননি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতিও সমর্থন জানিয়েছিলেন ইমরান খান। সে সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই অভিনেতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









