সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে সীমান্তের ১৩২৮ নম্বর পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শাহিন উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর শাহিন আর ফেরেননি। শনিবার সকালে সোনারখেওড় গ্রামের কৃষিজমিতে তার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পরিবারকে খবর দেন। পরে তার বড় ভাই জসিম উদ্দিন বিষয়টি পুলিশকে জানান।
স্থানীয় কয়েকজনের দাবি, শাহিন মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খাসিয়া পুঞ্জিতে শ্রমিকের কাজ করতেন। এবারও সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা। তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাহিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









