‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ।
বিমান কর্তৃপক্ষ জানায়, রিয়াদ রুটে তাদের নির্ধারিত বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এসব ফ্লাইটের যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন কিংবা পরবর্তী অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য রবিবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের যে অসুবিধা সৃষ্টি হয়েছে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









