কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই। তারা ষড়যন্ত্র করতে পারে, তবে কোনোভাবেই সফল হতে পারবে না।
শনিবার (১০ অক্টোবর) বিকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ২০২৪ সালে এতগুলো মানুষ হত্যা করে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ থেকে বিতাড়িত হয়েছে। অথচ তাদের কোনো অনুশোচনা নেই। তারা এখন নতুন করে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু কোনোভাবেই সফল হতে পারবে না। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপ কমিটি যেভাবে সহযোগিতা চাইবে, বিএনপির নেতাকর্মীরা সেভাবেই সহযোগিতা করবেন। পূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে তিনি পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হলেও মাঠপর্যায়ে দায়িত্ব পালনে ঘাটতি ও সমন্বয়হীনতা স্পষ্ট। এ পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
টাঙ্গাইল পৌর শহরের যানজট নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অটোরিকশার যানজট কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নির্ধারণে প্রশাসন ও পৌর প্রশাসককে মূল্যায়ন করতে বলা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে শহরে কোনো অবৈধ যান চলতে না পারে। অতিরিক্ত লাইসেন্স দেওয়ার বিষয়টিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সকাল ও বিকেল—দুই শিফটে সবুজ ও লাল রঙের অটোরিকশা চালুর বিষয়টি ভাবা হচ্ছে, যাতে শহরের যানজট নিয়ন্ত্রণ করা যায়।
টাঙ্গাইলের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলে একটি পাওয়ার স্টেশন রয়েছে, যা কিছুদিনের মধ্যে উদ্বোধন করা হবে। এতে জেলার বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডেও বিদ্যুৎ যুক্ত হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং পুলিশ সুপার শামছুল আলম সরকার।
এ সময় জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









