দেশের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ইন্টারডিসিপ্লিনারি সামিট ২০২৬’। আগামী ২৮ ও ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
‘বৈশ্বিক প্রভাবের জন্য চিন্তার মিলন’ প্রতিপাদ্যে সম্মেলনের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস ও বৈশ্বিক বিষয়াবলি নিয়ে কাজ করা সংগঠন জিএসটিইউ গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল (জিএসটিইউজিএসি)।
বুধবার (২৬ আগস্ট) আয়োজক কমিটির আহ্বায়ক ড. নিয়াজ আল হাসান সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে সাতটি বিষয়ভিত্তিক অধিবেশনে শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা হবে। সম্মেলনের প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে চারটি, মোট সাতটি সেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।
আয়োজক কমিটির আহ্বায়ক ড. নিয়াজ আল হাসান বলেন, ‘‘সম্মেলনে মোট ১১১ জন গবেষণাপত্র জমা দিয়েছে। এর মধ্যে থেকে যাচাই-বাছাই করে ৬৬টি গবেষণাপত্র চূড়ান্তভাবে গ্রহণের জন্য মনোনীত হয়েছেন। সেখান থেকে নির্বাচিত গবেষণাপত্রগুলো ম্যাগাজিন আকারে প্রকাশ করা হবে। পাশাপাশি সম্মেলনের কার্যবিবরণী (প্রসিডিংস) আইএসবিএন নিবন্ধিত করা হবে। গবেষণা কার্যক্রমে ৩৬ জন সহ-লেখক (অবজারভার) যুক্ত রয়েছেন।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনের দায়িত্বে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জিএসটিইউসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আয়োজক কমিটির দাবি, ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষার্থী, সাতটি আন্তঃবিষয়ক সেশন এবং আইএসবিএন-নিবন্ধিত কার্যবিবরণী প্রকাশের উদ্যোগের কারণে সম্মেলনটি দেশের বৃহৎ শিক্ষার্থী গবেষণা সম্মেলনগুলোর একটি হতে যাচ্ছে।
শিক্ষার্থীদের গবেষণা বৃহত্তর পরিসরে উপস্থাপন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তঃবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









