ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রদলের নেতা আলীনুর রহমান ছাত্রশিবিরের নেতা কাজী জুহায়েরকে থাপ্পড় মারার ঘটনায় ক্যাম্পাসে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ জিয়াউর রহমান হলে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আলীনুর রহমান বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী জুহায়ের। তিনি জিয়াউর রহমান হল ছাত্রশিবিরের সেক্রেটারি।
জানা যায়, দুপুরে কাজী জুহায়ের হলের গেট পেরিয়ে করিডোরে পৌঁছলে অভিযুক্ত আলীনুর হঠাৎ এসে তাকে চড়থাপ্পড় মারেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও আলীনুর তাদের সঙ্গেও খারাপ আচরণ করে। জুহায়েরের লোকজন জড়ো হলে পরে আলীনুর হলের ২১৭ নং কক্ষে চলে যায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ হয়েছে। এর পরপরই শিবির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে উত্তেজিত হয়ে পরে।
এ সময় তারা রুমের জানালার গ্লাস ভাঙচুর করে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তাদের সরিয়ে নেয় এবং আলীনুরকে প্রক্টর অফিসে নিয়ে যায়। এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।
কাজী জুহায়ের বলেন, ‘‘আমি আজ পরীক্ষা শেষে এক বন্ধুর সঙ্গে হলে যাওয়ার সময় আলীনুর আচমকা এসে আমাকে থাপ্পড় শুরু করে। পূর্বে তার সঙ্গে আমার কোনো বিরোধও ছিল না। কেন তিনি এই কাজ করেছে তা আমি জানি না। আমি হতভম্ব হয়ে তাকে কারণ জিজ্ঞেস করলে সে বলে— ‘তুই বেয়াদব তাই মারছি। যা পারিস কর। আমার ইচ্ছা হইছে তাই মারছি।’’
আলীনূর বলেন, ‘‘আমি পরীক্ষা দিয়ে হলে গেছি। চার্জার নিয়ে আসতেছিলাম, ভাইয়ের সঙ্গে দেখা, তখন আমি বলি যে ‘ভাই আপনি বেয়াদব’। সেই সময় ভাই আমারে গালি দিলে আমি একটা থাপ্পড় দিই। এর পর থেকে যা হয়েছে আপনারা দেখেছেন।’’
প্রথমে বেয়াদব কেন বলছেন বলে জিজ্ঞেস করলে তিনি ‘জানি না’ বলে এড়িয়ে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘‘আমরা এই ঘটনা শুনতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। পরে পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে নিরাপদে প্রক্টর অফিসে নিয়ে আসি। উভয় পক্ষকে নিয়ে ঘটনা সমাধান করার চেষ্টা করছি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









