যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ আপাতত কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় চেষ্টা জোরদার করেছেন। তবে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়ানোয় নতুন করে সংঘাত শুরুর আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে ইরানকে সম্ভাব্য মার্কিন হামলার আগাম প্রস্তুতি নিতে সহায়তা করছে রাশিয়া। বিশেষ করে রাশিয়ার সামরিক স্যাটেলাইট থেকে পাওয়া ভৌগোলিক ও যোগাযোগসংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। তবে অন্যতম কারণ হলো, ইরান আগাম হামলার আভাস পাওয়ার পাশাপাশি নির্ভুলভাবে পাল্টা আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। রাশিয়ার উন্নত সামরিক গোয়েন্দা তথ্যের সহায়তা ছাড়া ইরানের এই সক্ষমতা তৈরি হওয়া কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।
আট মাস ধরে ‘প্রজেক্ট অরোরা’ নামের একটি উদ্যোগের মাধ্যমে রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই পর্যবেক্ষণে ‘কসমস-২৬০০’ সিরিজের অন্তত ২০টি রুশ মহাকাশযানের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৮টির গতিবিধি শনাক্ত করা সম্ভব হয়েছে।
এই স্যাটেলাইটগুলো রাশিয়ার সর্বাধুনিক ও সহজে অবস্থান পরিবর্তনে সক্ষম সামরিক নজরদারি ব্যবস্থার অংশ। এগুলোর মাধ্যমে সামরিক স্থাপনা ও ভূখণ্ডের মানচিত্র তৈরি, ছবি সংগ্রহ, রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ এবং সামরিক যোগাযোগব্যবস্থার সংকেত শনাক্ত করা সম্ভব। অর্থাৎ কোনো অঞ্চলে সামরিক তৎপরতা কোথায় বাড়ছে, কোন স্থাপনায় কী ধরনের কার্যক্রম চলছে এবং যোগাযোগব্যবস্থায় কী পরিবর্তন হচ্ছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
পর্যবেক্ষণে দেখা গেছে, রাশিয়ার এসব স্যাটেলাইট সিরিয়া, লেবানন, ইসরায়েল, জর্ডান, সৌদি আরব, ইরাক ও ইরানসহ পুরো আরব উপদ্বীপের ওপর দিয়ে চলাচল করছে। একই সঙ্গে বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালিও তাদের নজরদারির আওতায় রয়েছে। স্যাটেলাইটগুলো প্রায় ৯৫ মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করে। ফলে প্রতিদিন তিন থেকে চারবার গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর ওপর দিয়ে যাওয়ার সুযোগ পায়।
বিশেষভাবে লক্ষ্য করা গেছে, রাশিয়া কিছু স্যাটেলাইটের অবস্থান ও গতিপথ পরিবর্তন করেছে। এর ফলে সেগুলো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনার ওপর দিয়ে সরাসরি অথবা কাছাকাছি অবস্থান থেকে অতিক্রম করতে পারে। পুরো স্যাটেলাইট বহরকে সরানো হয়নি; বরং নির্দিষ্ট কয়েকটি স্যাটেলাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর নজরদারির সময় ও মান বাড়ানো সম্ভব হয়েছে।
আরও একটি বিষয় লক্ষণীয়। ইরানের হামলার আগে ও পরে এসব স্যাটেলাইটকে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর ওপর দিয়ে যেতে দেখা গেছে। এতে হামলার আগে লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ এবং হামলার পর ক্ষয়ক্ষতি মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই ধরনের তৎপরতা একাধিকবার দেখা গেছে।
ইরান যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের সামরিক ও বেসামরিক স্থাপনায় যে নির্ভুলভাবে হামলা চালাতে পেরেছে, তাতে রাশিয়ার কাছ থেকে ভৌগোলিক গোয়েন্দা তথ্য পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিও নজরদারিতে
রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য শুধু হামলার লক্ষ্যবস্তু নির্ধারণেই কাজে আসছে না, যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণেও ইরানকে সহায়তা করতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান স্থানান্তর, নৌবাহিনীর অবস্থান পরিবর্তন এবং সামরিক স্থাপনার নিরাপত্তা জোরদারের বিষয়গুলো স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব।
এ ছাড়া সামরিক যোগাযোগব্যবস্থার তৎপরতা, কোথা থেকে যোগাযোগ করা হচ্ছে, কখন যোগাযোগের পরিমাণ বাড়ছে এবং কার্যক্রমের ধরনে কী পরিবর্তন আসছে, সেসব তথ্যও সংগ্রহ করা যেতে পারে। কিছু গোয়েন্দা স্যাটেলাইট সামরিক যোগাযোগের সংকেতও গ্রহণ করতে পারে। যদিও সব ধরনের বার্তা শনাক্ত করা তাদের পক্ষে সম্ভব নয়।
এসব তথ্য ইরানের গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছালে দেশটির সামরিক নেতৃত্ব আগাম সতর্ক হওয়ার সুযোগ পাবে। এতে নিজেদের সেনাদের নিরাপদ রাখা, সামরিক নেতৃত্ব ও নিয়ন্ত্রণব্যবস্থা সচল রাখা এবং সম্ভাব্য হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া সহজ হবে।
বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় কৌশলগত সমস্যা। কারণ, একদিকে হামলার প্রস্তুতি নিতে হবে, অন্যদিকে নিজেদের সামরিক স্থাপনাকে ইরানের পাল্টা আঘাত থেকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে মার্কিন বাহিনীকে ইরানের অস্ত্রের আওতার বাইরে দূরে সরিয়ে নেওয়া কিংবা সামরিক শক্তির অবস্থান পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।
২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘মিডনাইট হ্যামার’ অভিযানের কথাও এখানে গুরুত্বপূর্ণ। ওই অভিযানে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে বি-২ বোমারু বিমান উড়ে গিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। ভবিষ্যতে এ ধরনের হামলা আবারও হতে পারে বলে তেহরান মনে করে। তাই রাশিয়ার স্যাটেলাইটের মাধ্যমে দূরবর্তী অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার আগাম সংকেত পাওয়ার চেষ্টা করতে পারে ইরান।
উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি অবকাঠামো ঝুঁকিতে
সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতির পাশাপাশি পাল্টা আঘাতের পরিকল্পনাতেও রাশিয়ার গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের নেতারা আগেই সতর্ক করেছেন, নতুন করে হামলা হলে মধ্যপ্রাচ্যের তেল শোধনাগার, জ্বালানি রপ্তানি টার্মিনাল, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু হতে পারে।
এ ধরনের স্থাপনায় হামলা হলে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে না, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়বে। বিশেষ করে বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এ ছাড়া উপসাগরীয় দেশগুলোর পানি ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হবে। যুদ্ধের সিদ্ধান্তে এসব দেশের সরাসরি ভূমিকা না থাকলেও সংঘাতের পরিণতি তাদেরও ভোগ করতে হতে পারে।
রাশিয়ার হাতে কৌশলগত প্রভাব
ইরানকে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া নিজেও কৌশলগত সুবিধা পাচ্ছে। সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও তথ্য সরবরাহ বাড়ানো বা কমানোর মাধ্যমে মস্কো তেহরানের সামরিক সক্ষমতাকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ ইরানের ওপর রাশিয়ার একধরনের নিয়ন্ত্রণ ও প্রভাব বজায় থাকছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ধরে নিতে হবে, তাদের বড় ধরনের সেনা ও যুদ্ধসরঞ্জাম স্থানান্তর, সামরিক প্রস্তুতি এবং যোগাযোগব্যবস্থার তৎপরতা প্রতিপক্ষের নজরদারিতে রয়েছে। ফলে আকস্মিক হামলার সুবিধা কমে যেতে পারে। এ কারণে সামরিক বাহিনীকে বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখা, যোগাযোগের সংকেত নিয়ন্ত্রণ করা এবং দ্রুত অবস্থান পরিবর্তনের মতো কৌশল নিতে হতে পারে।
তবে এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই। গত মাসে রাশিয়ার কসমস সিরিজের একটি স্যাটেলাইট ফিনল্যান্ডের একটি বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি চলে গিয়েছিল। এটি সম্ভাব্য আক্রমণের মহড়া ছিল কি না, তা নিশ্চিত নয়। তবে ঘটনাটি মহাকাশেও সামরিক প্রতিযোগিতা ও সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকির ইঙ্গিত দেয়।
স্থল ও আকাশপথের যুদ্ধের পাশাপাশি ভবিষ্যতের সংঘাতে মহাকাশও গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে। সামরিক ও বেসামরিক স্যাটেলাইট অবকাঠামো তখন নতুন ধরনের হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








