অভিনয়জীবনে একের পর এক সাফল্য পেয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। হ্যারি পটারের সেড্রিক ডিগরি থেকে টোয়াইলাইটের ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন—বিভিন্ন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি। এবার তার ক্যারিয়ারে যুক্ত হলো আরও বড় একটি অর্জন। ব্রিটিশ চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চরিত্র জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন ৪০ বছর বয়সী এই অভিনেতা।
কয়েক সপ্তাহ ধরে নতুন জেমস বন্ড কে হচ্ছেন, তা নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে সোমবার জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব থেকে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়। তিনি হতে যাচ্ছেন ০০৭ চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসন। তিনি বলেন, ‘জেমস বন্ড চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’
২০২৬ সাল প্যাটিনসনের অভিনয়জীবনের অন্যতম ব্যস্ত বছর। এ বছর ক্রিস্টোফার বর্গলির ‘দ্য ড্রামা’, ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ এবং ল্যান্স ওপেনহেইমের ‘প্রাইমটাইম’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এবার জেমস বন্ডের চরিত্রে যুক্ত হয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

যেভাবে শুরু অভিনয়জীবন
১৯৮৬ সালে লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বার্নস এলাকায় জন্ম প্যাটিনসনের। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। তার বাবা পুরোনো গাড়ির ব্যবসা করতেন। মা কাজ করতেন একটি মডেলিং প্রতিষ্ঠানে। স্কুলে পড়ার সময়ই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তার। সে সময় বার্নস থিয়েটার ক্লাবের একটি শৌখিন নাট্যদলে যোগ দেন। প্রথম দিকে মঞ্চের পেছনে কাজ করলেও পরে অভিনয়ের সুযোগ পান। ২০০৮ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ওই নাট্যদল না থাকলে হয়তো তিনি অভিনেতাই হতেন না। ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ চলচ্চিত্রে সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান প্যাটিনসন। তবে বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ২০০৮ সালে ‘টোয়াইলাইট’ চলচ্চিত্রে অভিনয়ের পর।

টোয়াইলাইট বদলে দেয় জীবন
টোয়াইলাইট সিরিজের প্রথম চলচ্চিত্রে ক্রিস্টেন স্টুয়ার্টের বিপরীতে এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করেন প্যাটিনসন। এডওয়ার্ড ছিল একজন ভ্যাম্পায়ার, যে ভালোবেসে ফেলে সাধারণ মানুষ বেলা সোয়ানকে। পাঁচ পর্বের এই চলচ্চিত্র সিরিজ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। আয় করে ৩৩০ কোটি ডলারের বেশি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্যাটিনসন ও স্টুয়ার্ট বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়ান। প্রায় চার বছর তাদের সম্পর্ক ছিল। সে সময় দুজনই হয়ে ওঠেন তরুণ প্রজন্মের জনপ্রিয় তারকা। চলচ্চিত্র সাংবাদিক স্টিভেন গেইডোসের মতে, প্রথম টোয়াইলাইট চলচ্চিত্রে উপস্থিত হওয়ার পর থেকেই প্যাটিনসনের মধ্যে তারকা হয়ে ওঠার সম্ভাবনা স্পষ্ট ছিল।
তবে টোয়াইলাইটের সাফল্যের পর প্রচলিত হলিউডের বাণিজ্যিক ছবিতে নিজেকে আটকে রাখেননি প্যাটিনসন। বরং চ্যালেঞ্জিং চরিত্র ও ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয়ের দিকে ঝুঁকেছেন। ২০১২ সালে ডেভিড ক্রোনেনবার্গের ‘কসমোপলিস’ চলচ্চিত্রে একজন ধনকুবেরের চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৬ সালে ‘দ্য লস্ট সিটি অব জেড’ চলচ্চিত্রে দেখা যায় তাকে। তবে ২০১৭ সালের ‘গুড টাইম’ চলচ্চিত্রটি তার অভিনয়জীবনে বড় পরিবর্তন আনে। এতে নিউইয়র্কের এক অপরাধীর চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ২০১৮ সালে ‘হাই লাইফ’ এবং ২০১৯ সালে ‘দ্য লাইটহাউস’ চলচ্চিত্রে অভিনয় করেন। বিশেষ করে ‘দ্য লাইটহাউস’-এ উইলেম ডাফোর বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়।

ব্যাটম্যান থেকে এবার জেমস বন্ড
২০২০ সালে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ চলচ্চিত্রের মাধ্যমে বড় বাজেটের চলচ্চিত্রে ফেরেন প্যাটিনসন। এতে নিল নামের একজন রহস্যময় গোয়েন্দার চরিত্রে অভিনয় করেন তিনি। তার বুদ্ধিদীপ্ত সংলাপ ও অভিনয় দর্শকদের নজর কাড়ে। অনেক দর্শকই তখন তাকে ভবিষ্যতের জেমস বন্ড হিসেবে দেখতে চেয়েছিলেন। ২০২২ সালে ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ চলচ্চিত্রে ব্রুস ওয়েনের চরিত্রে অভিনয় করেন তিনি। এতে একজন মানসিকভাবে বিপর্যস্ত ও অন্তর্মুখী ব্যাটম্যানকে তুলে ধরেন প্যাটিনসন। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবেও সফল হয়। ২০২৫ সালে বং জুন-হোর ‘মিকি ১৭’ চলচ্চিত্রে একাধিক চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়া জেনিফার লরেন্সের সঙ্গে ‘ডাই মাই লাভ’ চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।
চলতি বছর ‘দ্য ড্রামা’ চলচ্চিত্রে জেন্ডায়ার বিপরীতে অভিনয় করেছেন প্যাটিনসন। এতে চার্লি নামের একজন শিল্পসংগ্রাহকের চরিত্রে দেখা যায় তাকে। ‘দ্য ওডিসি’ চলচ্চিত্রে অ্যান হ্যাথাওয়ের অভিনীত পেনেলোপের এক প্রণয়প্রার্থীর চরিত্রেও অভিনয় করেছেন তিনি। অন্যদিকে ‘প্রাইমটাইম’ চলচ্চিত্রে অপরাধবিষয়ক অনুষ্ঠান উপস্থাপক ক্রিস হ্যানসেনের চরিত্রে অভিনয় করে পুরস্কার মৌসুমের আলোচনায় এসেছেন প্যাটিনসন।
সামনে আরও ব্যস্ততা
জেমস বন্ডের দায়িত্ব পাওয়ার পর প্যাটিনসনের ব্যস্ততা আরও বাড়বে। ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে ‘ডুন: পার্ট থ্রি’। এতে স্কাইটেল নামের এক রূপ পরিবর্তনকারী ষড়যন্ত্রকারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘দ্য ব্যাটম্যান’-এর পরবর্তী কিস্তি ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।
মজার বিষয় হলো, ‘ডুন’ সিরিজের তৃতীয় চলচ্চিত্র এবং পরবর্তী জেমস বন্ড চলচ্চিত্র—দুটিই পরিচালনা করবেন ডেনিস ভিলনভ।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না প্যাটিনসন। ক্রিস্টেন স্টুয়ার্ট ও সংগীতশিল্পী এফকেএ টুইগসের সঙ্গে সম্পর্কের পর বর্তমানে অভিনেত্রী ও সংগীতশিল্পী সুকি ওয়াটারহাউসের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এই দম্পতির একটি ছোট মেয়ে রয়েছে। জনপ্রিয়তার চাপ সামলানো সব সময় সহজ ছিল না তার জন্য। টোয়াইলাইটের জনপ্রিয়তার সময় ভক্তদের উন্মাদনা নিয়ে প্যাটিনসন বলেছিলেন, ভক্তদের জন্য কেউই আগে থেকে প্রস্তুত থাকতে পারে না। তাদের ভালোবাসায় তিনি প্রতিবারই অভিভূত হন।
জেমস বন্ডের মতো বিশ্বজুড়ে পরিচিত চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সেই উন্মাদনা আবারও ফিরে আসতে পারে। তবে এবার শুধু টোয়াইলাইটের তরুণ অভিনেতা হিসেবে নয়, বরং ব্রিটিশ সিনেমার সবচেয়ে পরিচিত গুপ্তচর চরিত্রের নতুন মুখ হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন রবার্ট প্যাটিনসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








