ঢাকার জাতীয় স্টেডিয়ামের ফাইনালে পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে আরও একবার সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ নিয়ে টানা তিনবার সাফের চ্যাম্পিয়ন হলো দেশটি।
আজ ম্যাচের প্রথম থেকেই দুই প্রান্ত ব্যবহার করে ভারতীয় রক্ষণে একের পর এক ঝড় তোলেন প্রথম শিরোপার স্বপ্নে বিভোর পাকিস্তান।
গোলশূন্য প্রথমার্ধের বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে যোগ করা সময়ের প্রথম মিনিটে জুনায়েদ শাহর নিচু পাস ভারতীয় ডিফেন্ডার খাইমিনথাং লুংদিমের পায়ে লেগে দিক বদলালে বক্সে বল পেয়ে যান আলমগীর গাজী। এরপর বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। ভারতীয় ডাগআউটকে স্তব্ধ করে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।
দ্বিতীয়ার্ধে ম্যাকার্টন নিকসনকে নামিয়ে খেলার গতি বাড়ায় ভারত। ৫১ মিনিটে নিকসনের থ্রু বল থেকে পিভি বিষ্ণুর শট পাকিস্তানি গোলকিপারের হাতে লেগে পোস্টে প্রতিহত হয়।
ম্যাচের ৫৬ মিনিটে ব্রিসন ফার্নান্দেসকে বাজেভাবে ফাউল করে বসেন জুনায়েদ শাহ। ভিএআর যাচাইয়ের পর ৫৯ মিনিটে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি—মুহূর্তেই খলনায়ক বনে যান জুনায়েদ।
১০ জনের পাকিস্তানের ওপর ঝাঁপিয়ে পড়ে ৬০ মিনিটে ডান প্রান্ত থেকে লুংদিমের ক্রসে নিকসন শট নিতে ব্যর্থ হলেও বল পেয়ে যান সুহেইল ভাট। নিখুঁত শটে জাল কাঁপিয়ে ভারতকে ১-১ সমতায় ফেরান এই ফরোয়ার্ড, এরপর মেতে ওঠেন ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদ্যাপনে।
বাকি সময়টায় একজন বেশি নিয়ে পাকিস্তানের রক্ষণে প্রবল চাপ সৃষ্টি করে ‘ব্লু টাইগার’রা।
৬৭ মিনিটে বিষ্ণুর জোরালো শট দারুণভাবে রুখে দিয়ে পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন গোলকিপার ইউসুফ বাট।
৭২ মিনিটে আবদুল রাবিহ ও ইরফান ইয়াদওয়াদকে মাঠে নামান ভারতীয় কোচ। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে ভাঙে পাকিস্তানের প্রতিরোধ।
বদলি নামা আবদুল রাবিহর কর্নার থেকে জটলার ভেতর মাথা ছোঁয়ান ডিফেন্ডার সন্দীপ মান্ডি; বল মাটিতে ড্রপ খেয়ে পোস্টের ওপরের ডান কোণা দিয়ে জালে জড়িয়ে যায়।
গোল করার পরই জার্সি খুলে কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে যান সন্দীপ—এই গোলই নিশ্চিত করে দিল ভারতের দশম সাফ শিরোপা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








