রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্যাম্পাস বন্ধ রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে প্রধান ফটকের সামনে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘‘কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করব।’’
ছাত্রলীগের হুমকির বিষয়ে প্রক্টর বলেন, ‘‘রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজ বাবু আমাকে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছে। জবাবে আমি তাকে বলেছি, তুমি এবং তোমার দল পলাতক অবস্থায় আছো। সাহস থাকলে ক্যাম্পাসে এসো।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








