বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তকরণ ও এর পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণাকে আরও এগিয়ে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার। একই সঙ্গে ফোরিয়ের-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এ গবেষণাগারের উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশীদ। তিনি আনুষ্ঠানিকভাবে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. হালিমা বেগম। প্রশিক্ষক হিসেবে ছিলেন অমিত বি. রানে, ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ, স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ চৌধুরী, নির্বাহী পরিচালক, টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেড। এছাড়া রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশীদ বলেন, ‘‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য দিনটি অত্যন্ত আনন্দের ও স্মরণীয়। গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ একটি নতুন দ্বার উন্মোচন করেছে। উপকূলীয় অঞ্চলে যে প্লাস্টিক দূষণ, সেটা নির্ণয়ের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম কাজ শুরু করছে।’’
উপাচার্য বলেন, ‘‘এই গবেষণা কার্যক্রম অব্যাহত থাকলে শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, পুরো উপকূলীয় অঞ্চলে এ ধরনের গবেষণা ও সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে গবেষণার ক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মাইলফলক। আজকের দিনটা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।’’
মাইক্রোপ্লাস্টিক মানুষের জীবন ও পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব ফেলছে, গবেষণার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এসময় উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘ইনশাআল্লাহ ভবিষ্যতে এর মাধ্যমে আমরা এই দেশ এবং জাতিকে আরও অনেক কিছু গবেষণার মাধ্যমে দিতে পারবো।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









