গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কলেজের গণিত বিভাগের সেমিনার কক্ষ ও বাংলা বিভাগে পৃথকভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণিত বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. হামিদ কলিম এবং গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. মামুনুর রহমান। গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলা বিভাগের উদ্যোগে সকালে কলেজ প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘হে নবীন এসো মোর শিক্ষাঙ্গনে’ স্লোগানকে সামনে রেখে শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুর রহমান। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গণিত বিভাগের অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানগুলো উৎসবমুখর হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীদের বরণকে কেন্দ্র করে কলেজজুড়ে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









