ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘এমজিআই-এমএএ বৃত্তি’ প্রদান করা হয়েছে। ট্রাস্ট ফান্ডের আয় থেকে নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (MAA) এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘MGI-MAA Scholarship’ শীর্ষক ১ কোটি টাকার স্থায়ী তহবিলের লভ্যাংশ থেকে এই বৃত্তি দেওয়া হচ্ছে।
মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "দেশের উন্নয়নে তরুণদের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।" বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণায় শিল্পপ্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে সমাজ উপকৃত হবে।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আর্থিক অনটনের কারণে কোনো শিক্ষার্থীর পড়ালেখা যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকারি সহায়তার পাশাপাশি অ্যালামনাই ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কেন্দ্রীয়ভাবে একটি এন্ডাউমেন্ট ফান্ড গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, এবারের আয়োজনে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ সেশনের ১ জন, ২০২০-২১ সেশনের ২ জন, ২০২১-২২ সেশনের ২ জন, ২০২২-২৩ সেশনের ১৬ জন, ২০২৩-২৪ সেশনের ১৪ জন, ২০২৪-২৫ সেশনের ১৮ জন এবং ২০২৫-২৬ সেশনের ৩৭ জনসহ মোট ৯০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









