বনশ্রী ও আফতাবনগর এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অধীনে নির্মিত দৃষ্টিনন্দন ২ নম্বর স্টিল ফুটব্রিজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার এই ব্রিজের উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে যে প্রতিশ্রুতি দেন, তা সঠিক সময়ে বাস্তবায়ন করেন; যার প্রমাণ আজকের এই ফুটব্রিজ উদ্বোধন।"
প্রশাসক আরও বলেন, "দেশ ও জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছেন এবং আমরা তা বাস্তবায়নে সহযোগিতা করছি।" তিনি জানান, বনশ্রী ও আফতাবনগরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত এবং যানজট নিরসনে তিনটি ব্রিজ নির্মাণের দাবি ওঠার পর প্রধানমন্ত্রী তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী ডিএনসিসি এই উদ্যোগ গ্রহণ করে।
অন্য দুটি ব্রিজের কাজ সম্পর্কে তিনি জানান, বিদেশি ভারী যন্ত্রপাতি আমদানিতে বিলম্ব হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশেই দেশীয় প্রযুক্তির মাধ্যমে দ্রুত ২ নম্বর স্টিল ফুটব্রিজটি নির্মাণ করা হয়েছে। বাকি দুটি ব্রিজের কাজও দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সাথে এই প্রকল্পের কাজ পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মূল সড়কে যানজট নিরসন এবং এমআরটি (MRT) প্রকল্পের কাজ চলাকালীন বিকল্প যাতায়াত নিশ্চিত করতে এর পাশেই ভারী যানবাহন চলাচলের উপযোগী আরও দুটি স্থায়ী ব্রিজের কাজ চলমান রয়েছে।
দৃষ্টিনন্দন এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীর উল্লেখ করে প্রশাসক বলেন, খালে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। ডিএনসিসি শিগগিরই এই খাল পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেবে। খাল পরিষ্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণ করা হলে এলাকাটি একটি সুন্দর পরিবেশে রূপ নেবে। পাশাপাশি ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ডিএনসিসির উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ডিএনসিসির অর্থায়নে এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে ৮৯.৫৪ কোটি টাকা ব্যয়ে আইডিয়াল স্কুলসংলগ্ন ১ নম্বর ব্রিজ (১৫.৪০ মিটার প্রস্থ, ৩৮ মিটার দৈর্ঘ্য), ফরাজী হাসপাতালসংলগ্ন ২ নম্বর ব্রিজ (৩.৮০ মিটার প্রস্থ, ৪২ মিটার দৈর্ঘ্য) এবং মেরাদিয়া বাজারসংলগ্ন ৩ নম্বর ব্রিজ (১৫.৪০ মিটার প্রস্থ, ৪৯ মিটার দৈর্ঘ্য)—এই তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে আজ ২ নম্বর স্টিল ফুটব্রিজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোড় রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, প্রকল্প পরিচালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









