তুরস্কের ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে সংরক্ষিত রয়েছে প্রাচীন গ্রিক মহাকবি হোমারের বিখ্যাত মহাকাব্য ‘ইলিয়াড’-এর একটি বিরল ও পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি। প্রায় ৮০০ থেকে ৯০০ বছরের পুরোনো এই পাণ্ডুলিপিটি একসময় অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদের ব্যক্তিগত গ্রন্থাগারের সংগ্রহে ছিল। সম্প্রতি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পাণ্ডুলিপিটি নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়ে এর অজানা নানা তথ্য উন্মোচন করেছেন। গবেষকদের ধারণা, পাণ্ডুলিপিটি ইস্তাম্বুলের কোনো পাণ্ডুলিপি তৈরির কর্মশালায় নকল করা হয়ে থাকতে পারে।
বিজয়ী মেহমেদ নামে পরিচিত সুলতান দ্বিতীয় মেহমেদের সংগ্রহে থাকা পাণ্ডুলিপিটির লেখক হিসেবে প্যাট্রিয়ার্ক দ্বিতীয় জেনাডিউসের নাম পাওয়া যায়। এটি দ্বাদশ অথবা ত্রয়োদশ শতকে তৈরি বলে ধারণা করা হচ্ছে।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের সাহিত্য অনুষদের প্রাচীন ইতিহাস বিভাগের প্রধান হামদি শাহিন প্রয়োজনীয় অনুমতি নিয়ে পাণ্ডুলিপিটির বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেন। ২৬০টি ফোলিও বা পাণ্ডুলিপির পাতায় তৈরি এই বইটির প্রতিটি পাতার মাপ ২৬ দশমিক ২ বাই ১৯ দশমিক ৮ সেন্টিমিটার। কাঠের ওপর চামড়া দিয়ে মোড়ানো মলাটে বাঁধানো রয়েছে বইটি। প্রচ্ছদের ভেতরের অংশে থাকা বিভিন্ন নথি থেকে এর ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

সেখানে গ্রিক ভাষায় লেখা একটি মালিকানাসংক্রান্ত নোট থেকে জানা যায়, পাণ্ডুলিপিটি একসময় প্যাট্রিয়ার্ক দ্বিতীয় জেনাডিউসের ব্যক্তিগত সংগ্রহে ছিল। একই অংশে থাকা ফরাসি ও অটোমান তুর্কি ভাষার পরিচিতিপত্রে এটিকে ত্রয়োদশ শতকে তৈরি হোমারের ‘ইলিয়াড’-এর একটি অনুলিপি হিসেবে উল্লেখ করা হয়েছে। পরিচিতিপত্রের নিচের বাঁ পাশে তোপকাপি প্রাসাদের নিবন্ধন কমিশনের সিল ও সংগ্রহসংক্রান্ত নম্বরও রয়েছে।
পাণ্ডুলিপিটি কোথায় তৈরি হয়েছিল, সে বিষয়েও গুরুত্বপূর্ণ ইঙ্গিত পেয়েছেন গবেষকেরা। এর পাতার বিন্যাস, লেখার ধরন, হোমারের জীবনীসংক্রান্ত তথ্য এবং বিস্তৃত ব্যাখ্যামূলক টীকা দেখে তাদের ধারণা, এটি ইস্তাম্বুলভিত্তিক কোনো পাণ্ডুলিপি তৈরির কর্মশালায় নকল করা হয়ে থাকতে পারে।
গবেষণায় পাণ্ডুলিপিটির লেখার ধরন, নির্মাণকৌশল ও বিষয়বস্তু বিশ্লেষণ করা হয়েছে। এতে মধ্য বাইজেন্টাইন যুগের পাণ্ডুলিপি সংস্কৃতি সম্পর্কেও নতুন তথ্য পাওয়া গেছে। পাণ্ডুলিপিটির মূল লেখা বড়, স্পষ্ট ও সুশৃঙ্খল বড় হাতের অক্ষরে লেখা। অন্যদিকে পাতার চারপাশের প্রশস্ত ফাঁকা জায়গায় ছোট ও ঘন অক্ষরে লেখা হয়েছে বিভিন্ন ব্যাখ্যা ও টীকা। শিরোনাম, বড় আকারের আদ্যক্ষর এবং টীকার নির্দেশক চিহ্নগুলো লাল কালি দিয়ে লেখা। কোথাও কোথাও অক্ষরের সমন্বয়, সংক্ষিপ্ত রূপ ও শব্দের শেষে অলংকারপূর্ণ লেখার ব্যবহারও দেখা গেছে। এসব বৈশিষ্ট্য থেকে লেখকের দক্ষতা এবং পরিকল্পিতভাবে পাণ্ডুলিপি তৈরির প্রমাণ পাওয়া যায়।
পাণ্ডুলিপির পঞ্চম পাতায় হোমারের জীবন ও বংশপরিচয় নিয়ে আলোচনা রয়েছে। সেখানে তার পরিবার, বাবা-মা ও জন্মস্থান সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। এরপর ‘ইলিয়াড’-এর প্রথম বইয়ের সংক্ষিপ্তসার রয়েছে। সপ্তম পাতা থেকে শুরু হয়েছে মূল মহাকাব্য। পাতার মাঝখানে মূল লেখা এবং চারপাশে ব্যাখ্যা ও টীকা সাজানো হয়েছে। ডান পাশেও রয়েছে আলাদা একটি কলাম। লেখার পাশাপাশি পাণ্ডুলিপিটির নকশা ও অলংকরণও গবেষকদের দৃষ্টি কেড়েছে। পাতায় লাল কালিতে আঁকা জটিল নকশা, পরস্পরের সঙ্গে জড়ানো রেখা এবং আড়াআড়ি অলংকারপূর্ণ রেখা রয়েছে। শিরোনাম ও বড় আদ্যক্ষরগুলোতে ফুলের নকশাও দেখা যায়। এসব অলংকরণ মহাকাব্যের বিভিন্ন অংশ আলাদা করতে এবং পাঠকের জন্য বিষয়বস্তু অনুসরণ সহজ করতে ব্যবহার করা হয়েছে বলে গবেষকদের ধারণা। কিছু পাতার পাশে ত্রিভুজ, জ্যামিতিক চিত্র এবং গ্রিক ভাষায় ব্যাখ্যামূলক নোটও রয়েছে। এসব চিত্রের মাধ্যমে লেখার বিভিন্ন ধারণা এবং টীকার মধ্যকার সম্পর্ক বোঝানোর চেষ্টা করা হয়েছে। মূল লেখা ও টীকার অক্ষরের আকারের পার্থক্যও পাতাগুলোতে একটি সুস্পষ্ট বিন্যাস তৈরি করেছে।
গবেষণায় আরও উঠে এসেছে, ইস্তাম্বুলের এই পাণ্ডুলিপির সঙ্গে ‘ইলিয়াড’-এর অন্য কয়েকটি প্রাচীন অনুলিপির সম্পর্ক থাকতে পারে। গবেষকদের ধারণা, এটি দশম ও একাদশ শতকের ভেনেতুস এ এবং টাউনলিয়ানুস পাণ্ডুলিপির মধ্যবর্তী একটি অনুলিপি হিসেবে কাজ করে থাকতে পারে। পঞ্চদশ শতকে প্যাট্রিয়ার্ক বেসারিওন ওই পাণ্ডুলিপিগুলো ইস্তাম্বুল থেকে নিয়ে ভেনিসের মারচিয়ানা গ্রন্থাগারে দান করেছিলেন।
অন্য পাণ্ডুলিপির সঙ্গে তুলনা করে কিছু শব্দের বানানেও পার্থক্য পেয়েছেন গবেষকেরা। তাদের মতে, প্রাচীন গ্রন্থের অনুলিপি তৈরির বিভিন্ন পর্যায়ে ভাষার পরিবর্তনের কারণে এমন পার্থক্য তৈরি হয়ে থাকতে পারে। এ ছাড়া ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে দেখা গেছে, পাণ্ডুলিপির ব্যাখ্যামূলক টীকাগুলো কোনো একটি নির্দিষ্ট পাণ্ডুলিপি থেকে নেওয়া হয়নি।
বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে গবেষক হামদি শাহিন জানান, হোমারকে নিয়ে একটি গবেষণাপত্র তৈরির সময় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই গবেষণার শুরু। হোমারের লেখায় একটি শব্দের বানান ভুল বলে মনে হওয়ায় বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন তিনি। প্রথমে আধুনিক সংস্করণের সঙ্গে মিলিয়ে দেখলেও অসংগতির কোনো ব্যাখ্যা পাননি। পরে মূল পাণ্ডুলিপিগুলো পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।

শাহিন জানান, পাণ্ডুলিপিটির প্রথম অংশে প্রায় পাঁচ পৃষ্ঠা জুড়ে হোমারের জীবন ও বংশপরিচয় রয়েছে। এরপর ‘ইলিয়াড’-এর বিভিন্ন বইয়ের সংক্ষিপ্তসার দেওয়া হয়েছে। এসব পরিচিতিমূলক অংশের পর শুরু হয়েছে মূল মহাকাব্য। পাতার দুই পাশ, ওপর ও নিচের অংশে থাকা বিস্তৃত টীকাগুলোতে হোমারের কবিতার ব্যাখ্যা, বিভিন্ন শব্দের অর্থ এবং পৌরাণিক ঘটনাবলির পটভূমি তুলে ধরা হয়েছে। এসব টীকা অনেকটা অভিধানের মতো কাজ করে।
গবেষকের ভাষ্য অনুযায়ী, পাণ্ডুলিপিটিতে মোট ২৬০টি পাতা রয়েছে এবং এটি সম্পূর্ণ। প্রতিটি পাতা কাগজের তৈরি। এর কাঠের মলাট চামড়ায় মোড়ানো। তিনি বলেন, ‘আমাদের কাছে পুরো মহাকাব্যটিই রয়েছে। অর্থাৎ হোমারের ইলিয়াডের একটি সম্পূর্ণ টিকে থাকা অনুলিপি আমাদের হাতে আছে।’
শাহিনের মতে, একাদশ ও দ্বাদশ শতকে তৈরি ‘ইলিয়াড’-এর আরও কিছু প্রাচীন পাণ্ডুলিপির কথা গবেষকদের জানা রয়েছে। তবে দ্বাদশ বা ত্রয়োদশ শতকে তৈরি ইস্তাম্বুলের এই অনুলিপিটি ত্রয়োদশ, চতুর্দশ ও পঞ্চদশ শতকে তৈরি পরবর্তী পাণ্ডুলিপিগুলোর আদর্শ হিসেবে ব্যবহৃত হয়ে থাকতে পারে।
পাণ্ডুলিপির প্রতিটি পাতায় মহাকাব্যের পঙ্ক্তির সংখ্যা ১৪ থেকে ৩০টির মধ্যে। কোথাও ১৫টি, আবার কোথাও ৩০টি পঙ্ক্তি রয়েছে। সপ্তম পাতা থেকে শুরু হয়ে মহাকাব্যের শেষ বইয়ের শেষ পঙ্ক্তি পর্যন্ত লেখা থাকায় এটিকে পূর্ণাঙ্গ অনুলিপি হিসেবে চিহ্নিত করেছেন গবেষকেরা। বিভিন্ন বইয়ের অংশ আলাদা করতে লাল কালির রেখা এবং কোথাও কোথাও পরস্পরের সঙ্গে যুক্ত একাধিক বৃত্ত ব্যবহার করা হয়েছে।
শাহিন এই গবেষণাকে শিক্ষাবিদ ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তার মতে, সুলতান দ্বিতীয় মেহমেদের ব্যক্তিগত গ্রন্থাগারে থাকা এবং ইস্তাম্বুলেই সংরক্ষিত থাকার কারণে পাণ্ডুলিপিটির ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। বিশ্বে এর সমতুল্য কোনো পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যায়নি বলেও দাবি করেছেন তিনি।
শাহিন বলেন, ‘আমাদের ইস্তাম্বুল পাণ্ডুলিপিটি প্রাচীন অনুলিপি এবং চতুর্দশ ও পঞ্চদশ শতকের অনুলিপিগুলোর মধ্যবর্তী সময়ের একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে। তাই আমরা মনে করি, পরবর্তী সময়ে তৈরি পাণ্ডুলিপিগুলোর জন্য এটি আদর্শ হিসেবে কাজ করে থাকতে পারে। এই কাজ নিয়ে আগে কখনো গবেষণা হয়নি। প্রথমবারের মতো আমরা এটি জনসমক্ষে তুলে ধরছি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








