মাদারীপুর জেলার শিবচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাঁচ্চরে উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পদ্মাসেতু সংলগ্ন এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করে। এর প্রতিবাদে মাদারীপুর ১ আসনে নির্বাচনে অংশ নেয়া বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরীর নেতৃত্বে উপজেলার পাঁচ্চরে এক প্রতিবাদ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আমরা এদেশে শান্তি চাই। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তাদের কিছু লোকজন রয়ে গেছে যারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আমরা তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে আমরা কঠোর ভাবে তা প্রতিহত করবো।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো.সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির যুগ্নআহব্বায়ক শহিদুল ইসলাম দিপু, উপজেলা বিএনপির সদস্য আজমল হুদা ইথু চৌধুরীসহ অন্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








